03/10/2026
ডেঙ্গু মোকাবিলায় সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডে দিনব্যাপী মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী পৌরসভার ৯টি ওয়ার্ডে মশক নিধন ওষুধ ছিটানো হয়। ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম, কনজারভেন্সি সুপারভাইজার মো. শরিফুল ইসলাম, রেলস্টেশন মাস্টার জামাল উদ্দিনসহ সংশ্লিষ্টরা।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।