20/09/2026
খুব কাছের একজন মানুষের সাথে কথা বলার সময় সে প্রায়ই বলতো “কি বলবো? কিছু বলার নাই…”
শুনতে খুব ছোট্ট একটা কথা। অথচ এই ছোট্ট কথাটার ভেতর যে কতটা শূন্যতা লুকিয়ে থাকতে পারে, সেটা হয়তো সে কোনোদিন বুঝবে না।
আমি তখন চুপ করে যেতাম। কারণ, কী-ই বা বলার ছিল? যার সাথে কথা বলার জন্য আমার প্রতিদিন নতুন নতুন গল্প জমে থাকতো, যার কাছে নিজের ছোট্ট একটা অনুভূতিও বলতে ইচ্ছে করতো, যার সাথে নীরবতাটুকুও ভাগ করে নিতে ভালো লাগতো সেই মানুষটার কাছে যখন আমার জন্য কোনো কথা খুঁজে পাওয়া যেত না, তখন ভেতরটা কেমন যেন নিঃশব্দে ভেঙে পড়তো।
আমি ভাবতাম—মানুষ কি সত্যিই এতটা ব্যস্ত হয়ে যেতে পারে, নাকি একসময় প্রিয় মানুষটার সাথে কথা বলার ইচ্ছেটাই হারিয়ে যায়? সবচেয়ে বেশি কষ্ট হতো তখন, যখন বুঝতাম আমি কথা খুঁজছি, আর সে নীরবতার অজুহাত খুঁজছে।
তখন নিজেকে ভীষণ অসহায় লাগতো। মনে হতো, আমি হয়তো তার জীবনে এমন একজন মানুষ হয়ে গেছি যার সাথে কথা না বললেও তার দিন চলে যায়, যার অনুপস্থিতি তাকে আর ভাবায় না। অথচ আমার কাছে সে ছিল এমন একজন, যার সাথে কথা বলার মতো কিছু না থাকলেও শুধু “কেমন আছো?” বলেই ঘণ্টার পর ঘণ্টা পাশে থাকতে ইচ্ছে করতো।
কিছু দূরত্ব চোখে দেখা যায় না, কিছু মানুষও দূরে যায় না শুধু তাদের কথাগুলো কমে যায়, আগ্রহটা কমে যায়, আর একসময় আমরা বুঝতে পারি কাছের মানুষ হারানোর আগে মানুষটা সবসময় দূরে যায় না, কখনো কখনো শুধু তার কথার ভেতর থেকে আমাদের জায়গাটা হারিয়ে যায়। 🥀😅