17/09/2026
১০-এর পর ৬, তবুও জয়ের দেখা নেই বাংলাদেশের মেয়েদের
ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ফুটবল দলের দুঃস্বপ্ন যেন কাটছেই না। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলের রেকর্ড ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচেও বড় পরাজয় সঙ্গী হয়েছে লাল-সবুজের মেয়েদের। এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে মারিয়া মান্ডা-ঋতুপর্ণা চাকমাদের দল।
জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখে দক্ষিণ কোরিয়া। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণকে ব্যস্ত রাখে তারা। ১৬ মিনিটে কিম মিনজির গোলে এগিয়ে যায় কোরিয়ানরা। গোল হজমের পরও চাপ কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। ৪২ মিনিটে জং দাবিন ব্যবধান দ্বিগুণ করলে ২-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। আক্রমণের গতি বাড়িয়ে বাংলাদেশের রক্ষণভাগকে কার্যত দিশেহারা করে তোলে তারা। ৬৫ মিনিটে চো ইউরি তৃতীয় গোলটি করেন। এরপর মাত্র দুই মিনিটের ব্যবধানে আরও দুই গোল। ৭৭ মিনিটে জি সোয়ুন এবং ৭৯ মিনিটে হিয়ন সেউলগি গোল করলে ব্যবধান দাঁড়ায় ৫-০।
শেষ মুহূর্তেও থামেনি দক্ষিণ কোরিয়ার আক্রমণ। যোগ করা সময়ের প্রথম মিনিটে, অর্থাৎ ৯০+১ মিনিটে কো ইউজিন বাংলাদেশের জালে ষষ্ঠ গোলটি করেন। শেষ পর্যন্ত ৬-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
উত্তর কোরিয়ার বিপক্ষে আগের ম্যাচে প্রথমার্ধেই সাত গোল হজম করেছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে দুই গোল খাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও চারবার বল জালে জড়ায়। ফলে দুই ম্যাচে বাংলাদেশের জালে জমা পড়েছে মোট ১৬ গোল।
পরপর দুই ম্যাচে বড় হার বাংলাদেশের এশিয়ান গেমস মিশনকে কঠিন করে তুলেছে। এখন পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়াই মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।