07/04/2022
তোমার জন্য আমার রূপচর্চা করা হয় না। ডায়েট করা হয় না। আমাকে মেকআপ ছাড়াই সুন্দর লাগে এসব বলে বলেই দিনদিন আমাকে অসুন্দর করে ফেলছো তুমি। এখন থেকে আমাকে আর সুন্দর বলবা না।
ইফতি বিচলিত হয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, সুন্দরকে সুন্দর বলবো না তো কী বলবো?
আমি রাগি স্বরে বললাম, বলবা যে, তোমাকে একটুও ভালো লাগতেছে না। তুমি তো মোটা হয়ে যাচ্ছো। মানে আমাকে বেশি বেশি করে অসুন্দর বলবা। তাহলে কী হবে, আমি বেশি বেশি রূপচর্চা করবো। মনের মধ্যে আমার একটা জেদ সৃষ্টি হবে। আমি বেশি বেশি ডায়েট করে স্লিম হয়ে যাব।
ইফতি নিচু স্বরে বলল, ঠিক আছে।
বিকেলে আমি আর ইফতি একটু শপিং করতে যাব। তাই রেডি হচ্ছিলাম। এমন সময় ইফতি বলল, এটা কী পরছো তুমি! আজকাল কোনো রঙের জামাতেই তোমারে ভাল্লাগছে না। আর মুখটার কী অবস্থা দেখো! একটু বেশি বেশি রূপচর্চা করতে পারো না!
আমার মাথাটা চট করে গরম হয়ে গেল। তেড়েমেরে ইফতির সামনে গিয়ে বললাম, কী বললা তুমি? আমাকে কোনো ড্রেসে মানায় না! আমার চেহারা নষ্ট হয়ে গেছে? ও এখন তো আর আমাকে ভালো লাগবে না। সব বুঝি আমি। আমি শপিংয়েই যাব না।
ইফতি তব্দা খেয়ে কতক্ষণ পর্যন্ত আমার দিকে তাকিয়ে রইলো।
বিয়ের অনুষ্ঠানে এসেছি। ইফতিকে বললাম, সুন্দর করে আমার একটা ছবি তুলে দাও তো।
ইফতি ছবি তুলতে তুলবে বলল, ছবি গুলো এতো জোশ আসছে! আসবে নাই বা কেন! সুন্দরী বউ আমার মাশাআল্লাহ।
আমি রাগি স্বরে বললাম, এই সব বলে বলেই আমার স্বভাবটা নষ্ট করে দিছো। জামাইর চোখে এতো সুন্দরী হইলে কোনো মেয়ের আর খাটনি করে ত্বকের এক্সট্রা যত্ন নিতে ইচ্ছে করে! সব দোষ তোমার।
ইফতি বলল, আচ্ছা এখন থেকে কড়া করে রূপচর্চা করবা আর ডায়েট করবা। তুমি দিনদিন মোটা হয়ে যাচ্ছো। স্লিম হতে হবে। তবেই সবাই আমাদেরকে পারফেক্ট কাপল বলবে। আদনান ভাইর বউকে দেখছো! কী সুন্দর ডায়েট কন্ট্রোল করে নিজের সৌন্দর্য্যটা ধরে রাখছে।
ও এখন তো আমাকে আর ভালো লাগবে না। এখন তো আমাকে মোটা লাগবে। আমার চেয়ে এখন পাশের বাসার ভাবী বেশি সুন্দর হয়ে গেল? আমি বলছি বলেই কী আমাকে এভাবে বলবা তুমি! কী করে বলতে পারলা তুমি আমাকে! হায় এই ছিল আমার কপালে!!
ইফতির কথার আওয়াজ না পেয়ে তাকিয়ে দেখি ও হা হয়ে বসে আছে
আমি ইফতিকে ধাক্কা দিয়ে ডাকতে শুরু করলাম, এই কী হলো তোমার?
তারপর থেকে ইফতি শুধু একটা গানই গাচ্ছে, "মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা.......।
Afrin Ananna