12/08/2026
স্বাতী: আজ আপনার তেমন তাড়া নেই মনে হচ্ছে?
সত্যেন: কিসের তাড়া?
-বলুন তো কিসের?
-আমি কি তাড়াহুড়ো করি সবসময়?
-সব সময়ের কথা জানি না।
-তবে?
-আমি যতটুকু দেখি, তা-ই তো দেখি।.. যা-ই হোক, অন্তত বাবার কথাটা যে রাখলেন—
-কথা রাখতে খুব ভালো লাগে আমার।
-সকলের কথাই?
-কারও কারও কথা।
-কার কার?
-তোমার বাবার কথা তো নিশ্চয়ই। স্বাতী একটু চুপ করে থাকল, তারপর বলল— তা হলে মুখের কথাই আপনার কাছে কথা?
-ঠিক মুখের কথাই নয়।
-কিন্তু মুখ ফুটে না-বললেও তো হয় না।
-সেটাই তো ভালো।
-সেটাই সাধারণ।
-তুমি বুঝি সাধারণ ভালবাসো না?
-আপনি কি বাসেন?
-সাধারণ হতে বেশ ভালো লাগে।
স্বাতী আবার একটু ভাবলো— আমার মনে হয়—। একটু অপেক্ষা করে সত্যেন রায় বললেন— কী মনে হয় তোমার? স্বাতী অন্য দিকে তাকিয়ে বললো— আমি চা নিয়ে আসি, বাবা?
ধুতি-গেঞ্জি পরা রাজেনবাবুকে দেখে সত্যেনের মুখের ভাবটা যেন সহজ হলো, যেন আরো আরাম করে বসলো চেয়ারে। রাজেনবাবু বললেন— কেমন আছো? ভালো?
সত্যেন জবাব দিলো মৃদু হেসে।
-কোনও.. কোনও অসুবিধে হচ্ছে না তো?
-অসুবিধে? কেনো?
-খোঁজখবর নিতে পারিনি অনেকদিন। তা— ভালো আছ বেশ?
-ভালো আছি।
দুজন দূর বয়সী লাজুক মানুষের কথাবার্তা এখানেই ঠেকে গেলো।