26/03/2026
এক সময়ের নাম্বার ওয়ান ব্রাউজার হঠাৎ কেন হারিয়ে গেল? টপ পজিশন থেকে ব্যান পর্যন্ত UC Browser-এর গল্প সত্যিই সিনেমার মতো অন্ধকার।
যারা জাভা ফোনের সময় থেকে ইন্টারনেট ব্যবহার করছেন, তাদের কাছে UC Browser শুধু একটা অ্যাপ না, একগাদা স্মৃতি। এমন একটা সময় ছিল যখন অ্যান্ড্রয়েডে আসার পরও এটা ক্রোমকে খুব একটা গুরুত্বই দিত না। অথচ আজ প্রায় অদৃশ্য।
নোকিয়া 3110c হাতে নিয়ে প্রথম UC ব্যবহার করার স্মৃতি এখনো টাটকা। তখন 2G যুগ, Opera Mini দিয়ে ডাউনলোড মাঝপথে ফেল করাটা ছিল নরমাল ব্যাপার। হঠাৎ UC Browser ব্যবহার শুরু করতেই সব বদলে গেল। দ্রুত ডাউনলোড, তার উপর আবার রিজিউম সাপোর্ট। তখন এটা ছিল বিশাল ব্যাপার।
এরপর Nokia N70 এ UC Browser ব্যবহার করে যেনো নতুন দুনিয়া খুলে গেল। 2.5G নেটে 30–40KB/s স্পিড তখন অবিশ্বাস্য লাগত। একসাথে অনেকগুলো ফাইল ডাউনলোড দিয়ে রেখে দেওয়া যেত।
জাভা ফোনের সময়েই UC-তে ছিল ডার্ক মোড, পুরো ওয়েবসাইট ফোর্স ডার্ক করার সুবিধা, আই কমফোর্ট মোড, ক্লাউড ডাউনলোড, বিল্ট-ইন প্রক্সি দিয়ে ব্লক সাইট খুলে ফেলা। সেই সময়ের জন্য এগুলো ছিল ভবিষ্যতের ফিচার।
অ্যান্ড্রয়েডে যখন ক্রোমের সাইজ 100MB ছাড়িয়ে যায়, UC ছিল প্রায় 30MB। কিন্তু ফিচার ছিল অনেক বেশি। ডাউনলোড স্পিড দ্রুত, ব্রাউজিং স্মুথ, লো-এন্ড ফোনের জন্য UC Mini, পরে UC Turbo। ফেল হওয়া ডাউনলোড আবার চালু করা যেত। ডেস্কটপ লেভেলের ডাউনলোড ফিচার তখন ফোনে পাওয়া যেত।
তারপর থেকেই সমস্যা শুরু। নিরাপত্তা নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসে। ব্যবহারকারীর সংবেদনশীল ডাটা এনক্রিপশন ছাড়া বিদেশি সার্ভারে পাঠানো হচ্ছিল বলে রিপোর্ট বের হয়। এমনকি অ্যাপের ভেতর থেকেই আনসিকিউর সার্ভার থেকে আপডেট নেওয়ার বিষয়টি প্লে স্টোর নীতিমালার বিরুদ্ধে যায়। এতে হ্যাকারদের ম্যান-ইন-দ্য-মিডল আক্রমণের ঝুঁকি তৈরি হয়। 2017 সালে প্লে স্টোর থেকে অ্যাপটি সরিয়ে দেওয়া হয়।
পরে ভারতের চীনা অ্যাপ নিষিদ্ধের তালিকায় যুক্ত হওয়ায় বড় ধাক্কা খায় UC Browser। কারণ ভারতের বাজারই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। এরপর থেকে ধীরে ধীরে এটি হারিয়ে যেতে শুরু করে।
অনেকেই হয়তো মনে করতে পারবেন, 2013 সালের দিকে UC Browser Mod দিয়ে ফ্রি নেট ব্যবহার করার দিনগুলো। 2G যুগে শত শত জিবি ডাউনলোড করা তখন ছিল এক ধরনের অ্যাডভেঞ্চার।
আপনার কি কোনো স্মৃতি আছে UC Browser নিয়ে? এখনো কি ব্যবহার করেন? মন্তব্যে জানাতে পারেন।