Golden History of Seljuk

Golden History of Seljuk Welcome My Turkey sirij page

মহান সেলজুকরা ছিল ইসলামি ইতিহাসের গৌরবোজ্জ্বল এক অধ্যায়ের নাম। যারা ছিল মুসলিম উম্মাহর নতুন এক পরাশক্তি। জ্ঞান-বিজ্ঞান ...
25/08/2026

মহান সেলজুকরা ছিল ইসলামি ইতিহাসের গৌরবোজ্জ্বল এক অধ্যায়ের নাম। যারা ছিল মুসলিম উম্মাহর নতুন এক পরাশক্তি। জ্ঞান-বিজ্ঞান ও আভিজাত্যে নেতৃত্ব দেওয়া আব্বাসি খেলাফত যৌবনের সব জৌলুস হারিয়ে বয়সের ভারে যখন নুয়ে পড়েছিল তখনই উম্মাহর নব উত্থানের স্বপ্নদ্রষ্টা হয়ে আবির্ভাব হয় মহাক্রমশালী সেজলুক সাম্রাজ্যের।

চলুন জেনে নেওয়া যাক, দ্যা গ্রেট সেলজুকের উত্থান পতনের গল্প -

উত্থান : সেলজুক বেগ—যার পিতার নাম ছিল তুকাক বেগ—খাজার সাম্রাজ্যের একজন প্রভাবশালী সেনাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছিলেন একাধারে দক্ষ প্রশাসক ও কুশলী সামরিক নেতা। তার যোগ্যতা ও বিচক্ষণতার কারণে খাজার সাম্রাজ্যের সাধারণ জনগণের কাছে তিনি ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু এই ক্রমবর্ধমান জনপ্রিয়তাই একসময় তার জন্য কাল হয়ে দাঁড়ায়। সম্রাটের স্ত্রী তাকে ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতেন এবং তাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র আঁকতে থাকেন।

সেলজুক বেগ ছিলেন গোক তেংরিজমের অনুসারী। রাজদরবারের অন্তর্গত এই ষড়যন্ত্রের ইঙ্গিত বুঝতে পেরে তিনি তার পূর্বতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। এরপর তিনি গোত্রসহ খাজার সাম্রাজ্য ত্যাগ করে সামানিদের আনুগত্য স্বীকার করেন। সামানিদের মিত্র হওয়ার ফলে সেলজুকরা কারাখানি ও গজনভীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে।

এইভাবেই ট্রান্স-অক্সিয়ানা অঞ্চলের একটি ছোট সামন্ত শক্তি হিসেবে সেলজুকদের সঙ্গে গজনভীদের দীর্ঘ সংঘাতের সূচনা ঘটে।

জাগরণ : তুর্কী "কুনক গাযিয়্যা" বংশোদ্ভূত সেলজুক বিন দাক্কাক/তুকাক এর দুই প্রপৌত্র দাউদ চাগরি বেগ এবং তুগ্রুল বেগ মুহাম্মদ এর হাত ধরে প্রতিষ্ঠিত হয় সেলজুক সাম্রাজ্য। ৯৮৫ খ্রিষ্টাব্দে সেলজুক পরিবার মাওয়ারা-উন-নাহার এবং খোরাসানে স্থানান্তরিত হওয়ার কয়েক বছর পরে ক্ষমতার রেশ ধরে নওমুসলিম সেলজুক পরিবারের সাথে গজনবি সাম্রাজ্যের প্রবল সংঘাত শুরু হয়। সময়ের ব্যবধানে ১০৩৮ খ্রিস্টাব্দে পুনরায় সেলজুক-গজনবি সংঘাত শুরু হলে সেলজুক প্রপৌত্র তথা মিকাইল ইবনে সেলজুকের সন্তান তুগ্রুল বেগ মার্ভের কর্তৃত্ব অর্জন করতে সক্ষম হন। এবং এখান থেকেই সেলজুক সাম্রাজ্য যাত্রা শুরু করে।

১০৪০ খ্রিস্টাব্দে দান্দাকান যুদ্ধে সুলতান তুগ্রুল বেগের হাতে সুলতান মাসউদ গজনবি পরাজিত হলে খোরাসান সেলজুক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং এই জয়ের মাধ্যমেই যাযাবর তুর্কিরা তৎকালীন বিশ্বের অন্যতম পরাশক্তিতে পরিণত হয়।

সাম্রাজ্য বিস্তার : সুলতান তুগরিল বেগ এবং দাউদ চাগরি বেগ যাদের যৌথ নেতৃত্ব ও অদম্য সাহসের ওপর ভিত্তি করে শক্তিশালী সেলজুক সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। চাগরি বেগ ছিলেন একজন দক্ষ সামরিক কমান্ডার, যিনি অসাধারণ যুদ্ধকৌশলের মাধ্যমে একের পর এক অঞ্চল জয় করেন। অন্যদিকে, তার ভাই তুগরিল বেগ ছিলেন একজন দূরদর্শী রাজনৈতিক নেতা ও কূটনীতিবিদ, যিনি ১০৩৭ খ্রিষ্টাব্দে সেলজুক সাম্রাজ্যের প্রথম সুলতান হিসেবে সিংহাসনে বসে এবং ১০৫৫ খ্রিষ্টাব্দে শিয়াদের কাছ বাগদাদ মুক্ত করে আব্বাসীয় খলিফার কাছ থেকে 'সুলতান' উপাধি লাভ করে। এই সাম্রাজ্যের প্রথম তিনজন শাসকই খেলাফতের স্বর্ণযুগ ও গৌরব পুনরাবৃত্তি করেন।

সুলতান তুগরিল বেগ ও তাঁর ভাই চাগরি বেগ- সেলজুক সাম্রাজ্যের দুই স্তম্ভ ছিলেন। দুই ভাইয়ের মধ্যে কোনো ক্ষমতার লোভ ছিল না। চাগরি বেগের পুত্রই ছিলেন পরবর্তী মহান সুলতান আল্প আরসালান। যিনি খুব কৌশলের মাধ্যমে সেলজুকদের সিংহাসনে বসেন।

আল্প আরসালান : ইতিহাসের বীর সিংহ সুলতান আল্প আরসালান ছিলেন সেলজুক সাম্রাজ্যের এক অদম্য দূরদর্শী শাসক। তার সবচেয়ে বড় ঐতিহাসিক অর্জন ছিল ১০৭১ খ্রিষ্টাব্দের ঐতিহাসিক ম্যালাজকার্টের যুদ্ধ জয়, যেখানে তিনি মাত্র ১৫-২০ হাজার সৈন্য নিয়ে বাইজেন্টাইন রোমান সাম্রাজ্যের ২ লক্ষ সেনার বিশাল বাহিনীকে ধুলিসাৎ করেন এবং স্বয়ং রোমান সম্রাটকে বন্দী করেন। এই এক বিজয়ের মাধ্যমেই আনাতোলিয়ার (বর্তমান তুরস্ক) দরজা মুসলিমদের জন্য চিরতরে উন্মুক্ত হয়, যা পরবর্তীতে উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার ভিত্তি গড়ে দিয়েছিল। সামরিক সাফল্যের পাশাপাশি তার সময়ে সাম্রাজ্যের সীমানা আর্মেনিয়া ও জর্জিয়া পর্যন্ত বিস্তৃত হয় এবং অভ্যন্তরীণ সমস্ত বিদ্রোহ দমন করে তিনি একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন করেন। শুধু তরবারি নয়, জ্ঞানের আলো ছড়াতেও তার অবদান ছিল অনন্য—তারই পৃষ্ঠপোষকতায় উজির খাজা নিজামুল মুলক প্রতিষ্ঠা করেন তৎকালীন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় 'নিজামিয়া মাদ্রাসা', যা ইসলামী জ্ঞান-বিজ্ঞানের সোনালী যুগের সূচনা করেছিল।

সুলতান মালিক শাহ : তার সময় ছিল সেই গৌরবোজ্জ্বল যুগ, যখন সুলতান ১ম মালিক শাহ-এর সুদক্ষ নেতৃত্বে মহান সেলজুক সাম্রাজ্য বিস্তৃতির সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিল। পূর্বে চীন থেকে পশ্চিমে শামের শেষ প্রান্ত ও মারমারা সাগর পর্যন্ত এবং উত্তরে ইসলামি ভূখণ্ডের শেষ সীমা থেকে দক্ষিণে ইয়ামেনের শেষ সীমা পর্যন্ত বিশাল ভূখণ্ড মহান সেলজুক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। চীনের সীমান্ত থেকে সিরিয়ার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই সুবিশাল সাম্রাজ্যের সর্বত্র জুম'আর খুতবায় সুলতান ১ম মালিক শাহ-এর নাম উচ্চারিত হতো। বাইজেন্টাইন (পূর্ব রোমান সাম্রাজ্য) সম্রাট সুলতান ১ম মালিক শাহ-এর ভয়ে মহান সেলজুক সাম্রাজ্যকে নিয়মিত জিজয়া কর প্রেরণ করত। গৌরবোজ্জ্বল এই যুগে মহান সেলজুক সাম্রাজ্য অর্ধ পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল, যার আয়তন ছিল প্রায় ৩৯ লক্ষ বর্গকিলোমিটার (১৫ লক্ষ বর্গমাইল)।

পতনের সূচনা : ১০৯২ খ্রিস্টাব্দে সুলতান মালিক শাহের মৃত্যুর পরে বারকিয়ারুক এর বিপরীতে তুর্কান খাতুন এবং উজির তাজুল মুলক সিরাজির সহায়তায় ৪ বছর বয়সী নাসিরুদ্দিন মাহমুদ সিংহাসনে আরোহন করেন। বৃহত্তর সেলজুক সাম্রাজ্যে গৃহযুদ্ধের সূচনা এখান থেকেই শুরু। এরপরেও অবিভক্ত সেলজুক সাম্রাজ্য নাসিরুদ্দিন মাহমুদ থেকে মুহাম্মদ বিন মালিক শাহ পর্যন্ত পরবর্তী ২৫ বছর একক শাসকের অধীনে শাসিত হয়।

কিন্তু ক্রমবর্ধমান গৃহযুদ্ধের ফলে ১১১৭ খ্রিস্টাব্দে সেলজুক সাম্রাজ্য চূড়ান্তভাবে রোম, ইরাক, খোরাসান এবং শাম এই ৪ ভাগে বিভক্ত হয়ে যায়।

📌 উল্লেখ্য রোম সেলজুক সাম্রাজ্যের ২য় সুলতান সুলাইমান বিন কুতালমিশ ১০৭৮ খ্রিস্টাব্দে সুলতান মালিক শাহের শাসনামলে আনাতোলিয়ায় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করলেও কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার পরিপ্রেক্ষিতে রোম সেলজুক সাম্রাজ্যের পথচলা শুরু হয় কিলিচ আরসালান এর সময় থেকে। সুলতান মালিক শাহের মৃত্যুর পরে যখন সুলতান বারকিয়ারুক তাকে আবার পুনরায় আনাতোলিয়ার গভর্নর নিযুক্ত করেছিলেন। অবিভক্ত মূল সেলজুক সাম্রাজ্যের মোট স্থায়িত্বকাল ছিলো ৭৯ বছর। এবং চারভাগে বিভক্ত রোম, ইরাক, খোরাসান এবং শাম সেলজুক সাম্রাজ্যের স্থায়িত্বকাল ছিলো যথাক্রমে: ২৩০ বছর, ৭৭ বছর, ৪৪ বছর এবং ৬২ বছর।

চলমান গৃহযুদ্ধ এবং বিভক্তির ফলে দীর্ঘ সময় পরে ধীরে, ধীরে ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায় মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়া এক সময়ের পরাক্রমশালী সেলজুক সাম্রাজ্য।

তথ্যসূত্র - তারিখে মুসলিম উম্মাহ, উইকিপিডিয়া, সেলজুকলার
সংকলনে - গৌরবময় ইসলামের ইতিহাস

Address

Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golden History of Seljuk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category