19/05/2025
আমি জানি ব্যাটারি চালিত রিকশা নিয়ে আমার এই বক্তব্যের সাথে অনেকেই একমত হবেন না, অনেকে কঠোর সমালোচনাও করবেন। তারপরেও আমি আমার মতামত জানাচ্ছি।
ঢাকায় এখন ১০ লক্ষের বেশি ব্যাটারি চালিত রিকশা আছে। আজ থেকে ২-৩ বছর আগেও এর সংখ্যা ছিল অনেক কম। হঠাৎ করে এর সংখ্যা বেড়ে গেছে গত এক বছরে। বাংলার টেসলা এখন রাস্তায় রাস্তায়।
আমি মাঝে মাঝে যখন এরকম ব্যাটারি রিক্সায় উঠি, তখন কথা হয় চালকের সাথে। গড়ে সবাই এক হাজার টাকার মত দৈনিক আয় করে। যার নিজের রিকশা (৫০ হাজার টাকায় পাওয়া যায়) তার ইনকাম আরো কিছু বেশি। যারা অন্যের রিক্সা চালায়, তাদের দিনে ৪০০ টাকা দিতে হয় রিকশা ও চার্জ করা বাবদ (নিজের রিক্সা হলে, চার্জিং খরচ ৮০-৯০ টাকা)। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে চালকদের একটা বড় অংশ আগে কখনো ঢাকায় রিক্সা চালায় নাই। গত ১-২ বছর তারা ঢাকায় এসে রিক্সা চালাচ্ছে কেননা এটি চালানো সোজা, যখন তখন ভাড়া নেওয়া যায়।
যারা নিয়মিত এসকল রিক্সায় প্যাসেঞ্জার হিসাবে উঠে আমি অনেকের সাথে কথা বলেছি। অনেকে বলেছে যে ঢাকায় ব্যাটারি রিক্সা আসার পর সিএনজি ভাড়া কমে গেছে। প্যাডেল চালিত রিক্সা ভাড়াও কমে গেছে। কারণটা খুব স্পষ্ট। সাপ্লাই ডিমান্ড।
এখন আসি মূল কথায়। সম্প্রতি সিটি কর্পোরেশন ব্যাটারি রিক্সার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজকে দেখলাম কয়েকটি ব্যাটারি রিক্সা বুলডোযার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে।
একবার ভাবুন - কেন হঠাৎ করে গ্রাম থেকে হাজার হাজার মানুষ শহরে এসে রিক্সা চালাচ্ছে। তারা কেও শখ করে আসে নাই। যারা এসেছে এদের বেশির ভাগ ভূমিহীন। গ্রামে কোনো কাজ নেই। জীবিকার প্রয়োজনে এরা শহরে এসে রিক্সা চালাচ্ছে। ঢাকায় এরকম লোকের সংখ্যা ১০ লক্ষের বেশি। এই রিক্সা বন্ধ হলে এর যাবে কই? গ্রামে এদের সংসার কিভাবে চলবে।
আমাদের কর্পোরেট কোনো প্রতিষ্ঠানে ১-২ হাজার লোক ছাঁটাই হলে সোস্যাল মিডিয়া উত্তাল হয়ে যায় কেননা এরা কেও না কেও আমাদের শহুরে লোকের আত্মীয়, বন্ধু-বান্ধব। কিন্তু এই লাখ লাখ লোক যখন বেকার হতে যাচ্ছে, তখন আমরা কেও এদের হয়ে কথা বলছি না!
রাষ্ট্রের দায়িত্ব দেশের নাগরিকদের কর্মসংস্থান করা। এটি করতে নিদারুণভাবে ব্যর্থ। যেই লোকগুলো নিজের কর্মসংস্থান নিজে করেছে, তাদের সেই জীবিকা কেড়ে নেয়ার কোনো অধিকার রাষ্ট্রের নেই। আমরা শহুরে এলিটরা নিজেদের কমফোর্টের স্বার্থে হয়তো এগুলোতে হাত তালি দিব। কিন্তু এর পরিণতি আখেরে ভাল হবে না। অনেকেরই হয়তো মনে আছে ১/১১ সরকার হঠাৎ করেই অজনপ্রিয় হয়ে গেছিল যখন ফুটপাথের হকারদের জোর করে সরাতে গেছিল। আমি আশঙ্কা করছি ১০ লক্ষ ব্যাটারি রিক্সাওয়ালাদের উপর আঘাত আসলে তারা এটা মেনে নিবে না।
অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক উপায়ে সমাধান করতে হয়।
এটিকে আইন দিয়ে সমাধান করা যায় না।