28/04/2026
কালবৈশাখীর সতর্কবার্তা ঃ
গাইবান্ধায় ঝড়-বৃষ্টির আশঙ্কা নিরাপদে থাকার আহ্বান
গাইবান্ধা প্রতিনিধি, এমকেএটিভি নিউজ :
গাইবান্ধাসহ দেশের উত্তরাঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
২৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় রংপুর বিভাগসহ ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং শিলাবৃষ্টিসহ তীব্র ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এসব অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রপাতের ঝুঁকিও রয়েছে, যা জনজীবনে বিপদের আশঙ্কা বাড়াচ্ছে।
এদিকে, গাইবান্ধাসহ রংপুর অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। দুপুর ১টা পর্যন্ত এবং দিনের যেকোনো সময় এই ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়।
ইতোমধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জসহ বিভিন্ন এলাকায় কালবৈশাখীর তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষতি ও বজ্রপাতে প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে কৃষকসহ সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে ঝড়ের সময় সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে খোলা জায়গা এড়িয়ে চলা এবং পাকা ভবনের নিচে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।