05/08/2026
⚖️ চুক্তি ভঙ্গ নাকি প্রতারণা? দেওয়ানি ও ফৌজদারি মামলার পার্থক্য এবং সাক্ষ্য বিশ্লেষণ নিয়ে হাইকোর্টের যুগান্তকারী রায়।
আমরা অনেকেই সাধারণ ব্যবসা বা চুক্তি ভঙ্গের (Breach of Contract) ঘটনা ঘটলেই দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) বা ৪০৬ (বিশ্বাসভঙ্গ) ধারায় ফৌজদারি মামলা ঠুকে দিই। কিন্তু সাধারণ দেওয়ানি প্রকৃতির লেনদেনকে জোর করে ফৌজদারি অপরাধ বানানো যে আইনের চরম অপব্যবহার, তা মনে করিয়ে দিলেন মহামান্য হাইকোর্ট।
💥 সম্প্রতি নাটোর জেলার সিংড়া থানার একটি মামলার পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি মোঃ সেলিমের একক বেঞ্চ (Criminal Revision No. 163 of 2023) একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। আসুন মামলার মূল ঘটনা, সাক্ষীদের জবানবন্দি এবং উচ্চ আদালতের সিদ্ধান্তটি সহজ ভাষায় জেনে নিই।
💥 মামলার মূল ঘটনা (Fact of the Case):
➡️ ২০১১ সালে আসামি মোঃ সুকচান আলী বাদীর কাছ থেকে জমি বন্ধক রেখে দুই দফায় মোট ৮০,০০০ টাকা নেন। চুক্তির শর্ত ছিল—আসামি বাদীকে প্রতি বছর ২৪ মণ করে ধান দেবেন। কিন্তু পরবর্তীতে আসামি ধান দিতে ব্যর্থ হন এবং ২০১৭ সালে বাদী টাকা ও ধান ফেরত চাইলে আসামি তা দিতে অস্বীকৃতি জানান।
➡️ এরপর বাদী পক্ষ নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় একটি ফৌজদারি মামলা দায়ের করেন।
💥 নিম্ন আদালতের সিদ্ধান্ত (Decision of Lower Courts)
বিচারিক আদালত:
➡️ নাটোরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (৩য় আদালত) ২০১৮ সালের ১২ আগস্ট এক রায়ে আসামিকে দণ্ডবিধির ৪০৬ এবং ৪২০ উভয় ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২,০০০ টাকা জরিমানা করেন।
💥 আপিল আদালতে এই রায়ের বিরুদ্ধে আসামি আপিল করলে ২০২২ সালের ৭ নভেম্বর বিজ্ঞ জেলা ও দায়রা জজ আপিলটি আংশিক মঞ্জুর করে ৪০৬ ধারার সাজা থেকে আসামিকে খালাস দেন, কিন্তু ৪২০ ধারার অধীনে সাজা কমিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বহাল রাখেন।
💥 আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও তার বিশ্লেষণ (Analysis of Evidence):
➡️ বাদীপক্ষ নিজেদের অভিযোগ প্রমাণ করতে আদালতে মোট ৩ জন সাক্ষী হাজির করেন (আসামিপক্ষ থেকে কোনো সাক্ষী দেওয়া হয়নি)।
১ম সাক্ষী (বাদী নিজে): তিনি জানান, ২০১১ সালে রেভিনিউ স্ট্যাম্পে সই নিয়ে আসামিকে দুই দফায় মোট ৮০,০০০ টাকা দিয়ে ৩ বিঘা জমি বন্ধক নেন।
➡️ শর্তানুযায়ী ধান না দেওয়ায় ২০১৭ সালের ১৫ জানুয়ারি তিনি সাক্ষীদের নিয়ে আসামির বাড়ি গিয়ে টাকা বা ধান ফেরত চাইলে আসামি তা দিতে অস্বীকার করেন।
➡️ ২য় ও ৩য় সাক্ষী (বাদীর প্রতিবেশী ও স্বামী): তারা উভয়েই বাদীর বক্তব্যের প্রতিধ্বনি করে আদালতে জবানবন্দি দেন যে, টাকা দেওয়া হয়েছিল, ধান দেওয়ার চুক্তি ছিল এবং ২০১৭ সালে আসামি তা ফেরত দিতে অস্বীকৃতি জানান।
🏛️ সাক্ষ্যের উপর মহামান্য হাইকোর্টের পর্যবেক্ষণ ও চূড়ান্ত সিদ্ধান্ত:
নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে আসামি হাইকোর্টে রিভিশন আবেদন দায়ের করলে, মহামান্য হাইকোর্ট এই সাক্ষ্যগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করে আসামিকে সম্পূর্ণ খালাস দেন। হাইকোর্টের মূল যুক্তিগুলো ছিল:
1. শুরুতে প্রতারণার উদ্দেশ্যের অভাব (No Initial Intention to Deceive):৩ জন সাক্ষীর কেউই তাদের জবানবন্দিতে এমন কোনো প্রমাণ দিতে পারেননি যা দ্বারা প্রমাণিত হয় যে, ২০১১ সালে টাকা নেওয়ার সময়ই আসামির মনে বাদীকে ঠকানোর উদ্দেশ্য ছিল। আইন অনুযায়ী, চুক্তির শুরুতে অসৎ উদ্দেশ্য না থাকলে পরবর্তী সময়ে চুক্তি ভঙ্গ করলে তা ফৌজদারি অপরাধ (প্রতারণা) হয় না।
2. ব্যবসায়িক লেনদেন ও দেওয়ানি দায় (Civil Liability): মহামান্য আদালত স্পষ্ট করেন যে, এটি ছিল একটি নিয়মিত ব্যবসায়িক লেনদেন। চুক্তিপত্র বা রেভিনিউ স্ট্যাম্পে সই করে টাকা নেওয়া এবং তার বিনিময়ে ধান দিতে না পারা সম্পূর্ণ একটি "দেওয়ানি দায়" (Civil Liability), কোনো ফৌজদারি অপরাধ নয়।
3. আইনের অপব্যবহার (Abuse of the Process of Law):হাইকোর্ট রায় দেন যে, এই মামলায় ৪২০ ধারার কোনো উপাদানই বিদ্যমান নেই। নিম্ন আদালতসমূহ সাক্ষ্য-প্রমাণ সঠিকভাবে মূল্যায়ন না করে আসামিকে সাজা দিয়ে আইনের অপব্যবহার করেছেন।
💥এই রায় থেকে আমাদের শিক্ষণীয়:
চুক্তি ভঙ্গ বা টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে সরাসরি ফৌজদারি মামলা (বিশেষ করে ৪০৬ বা ৪২০ ধারা) দায়ের করার প্রবণতা আমাদের সমাজে প্রবল। কিন্তু এই রায়ের মাধ্যমে আবারও প্রমাণিত হলো:
১। যেকোনো চুক্তি ভঙ্গ বা টাকা আদায়ের সঠিক মাধ্যম হলো দেওয়ানি আদালত (Civil Court)।
২। লেনদেনের শুরুতে প্রতারণার অসৎ উদ্দেশ্য না থাকলে শুধু পরবর্তী সময়ে চুক্তি পালনে ব্যর্থতাকে অপরাধ বলা যাবে না।
৩। দেওয়ানি প্রকৃতির মামলাকে জোর করে ফৌজদারি রূপ দিলে তা উচ্চ আদালতে টিকবে না।
আইনের সঠিক প্রয়োগ এবং সাধারণ মানুষকে হয়রানি থেকে বাঁচাতে এই রায় একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।