22/06/2026
বিসিবিএল ব্যাংকারস ফুটসাল চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর জমকালো ফাইনাল অনুষ্ঠিত।। FOCUS news
ব্যাংকারদের অংশগ্রহণে আয়োজিত বহুল প্রতীক্ষিত “বিসিবিএল ব্যাংকারস ফুটসাল চ্যাম্পিয়নশীপ ২০২৬”এর ফাইনাল ম্যাচ আজ বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতের মধ্যে ক্রীড়া চর্চা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৩টি ব্যাংক অংশগ্রহণ করে।
রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে সিটি ব্যাংক পিএলসি কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। দুই দলের খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্সে ম্যাচটি হয়ে ওঠে প্রতিদ্বন্দিতাপূর্ন ও উপভোগ্য। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন সিটি ব্যাংকের হাসান , সর্বোচ্চ গোলদাতা যৌথভাবে নাসিম (ইউসিবি), শাহীন (এমটিবি) এবং সৈকত (ইবিএল) এবং সেরা গোলরক্ষক ইউসিবির শাহাব।
টুর্নামেন্টটি আয়োজন করে ব্যাংকারস ক্লাব অব বাংলাদেশ লিমিটেড (বিসিবিএল), যা দেশের ব্যাংকারদের জন্য একটি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামুখী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে ।
ফাইনাল ম্যাচ উপলক্ষে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ব্যাংকারস এসোসিয়েশন বাংলাদেশের চেয়ারম্যান জনাব মাশরুর আরেফিন, ব্যাংকিং খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির সদস্য এবং বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আয়োজন আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন। পুরস্কার বিতরণ করেন ব্যাংকার্স ক্লাবের প্রেসিডেন্ট জনাব রাশেদ আক্তার, জেনারেল সেক্রেটারি রশিদুন্নবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই টুর্নামেন্টের মাধ্যমে ব্যাংকারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, দলগত চেতনা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনধারার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ম্যাচবক্স কমিউনিকেশন্স।