09/09/2026
📍 পানাম নগর | সোনারগাঁও, নারায়ণগঞ্জ
একসময় ছিলো বাংলার প্রথম রাজধানী, আজ শুধুই নীরব ইতিহাসের সাক্ষী 🏛️
🕰️ ইতিহাস:
১৫ শতকে ঈসা খাঁ সোনারগাঁওতে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন। মেঘনা ও শীতলক্ষ্যা নদীপথে তখন বিলেত থেকে আসতো কাপড়, আর দেশ থেকে যেতো বিখ্যাত মসলিন। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ইউরোপীয় ধাঁচে গড়ে ওঠে এই নগর, এরপর ব্রিটিশরা এখানে বসায় নীল বাণিজ্যকেন্দ্র। ১৬১১ সালে মোঘলরা সোনারগাঁও দখলের পর সড়ক-সেতু নির্মাণ করে রাজধানীর সাথে পানামের যোগাযোগ গড়ে তোলে। এখানকার বেশিরভাগ বাড়ি ঊনবিংশ শতাব্দীর — একটি বাড়িতে তো ১৮১৩ সালের নামফলকও পাওয়া যায়। মূলত ঢাকা-কলকাতা জুড়ে ব্যবসা করা ধনী বণিকরাই গড়ে তোলেন এই নগর।
🏚️ স্থাপত্য:
টিকে থাকা ৫২টি বাড়ির মধ্যে ৩১টি সড়কের উত্তর পাশে, ২১টি দক্ষিণে। এক থেকে তিনতলা এই বাড়িগুলোতে মিশেছে ঔপনিবেশিক, মোঘল, গ্রিক ও গান্ধারা স্থাপত্যরীতি। ঢালাই-লোহার ব্র্যাকেট, জানালার গ্রিল, লাল-সাদা-কালো মোজাইকের মেঝে, নীল-সাদা ছাপের নকশা — প্রতিটা বাড়িই যেন একেকটা শিল্পকর্ম। প্রতিটি বাড়িতে ছিলো নিজস্ব উঠান, আর অন্দরমহল-বহির্মহল আলাদা করে সাজানো পরিকল্পনা।
🏙️ নগর পরিকল্পনা:
পানি সরবরাহের জন্য ছিলো ২টি খাল আর ৫টি পুকুর, প্রায় প্রতি বাড়িতে নিজস্ব কুয়া। জলাবদ্ধতা এড়াতে পুরো নগর খালের দিকে ঢালু করে বানানো, আর পুরো শহর চিরে গেছে একটামাত্র সড়ক। নগরীর ভেতরে ছিলো মসজিদ, মন্দির, গির্জা, নাচঘর, পান্থশালা, বিচারালয় আর প্রায় ৪০০ বছরের পুরনো একটা টাঁকশাল বাড়ি।