26/04/2026
পল্লবীতে বন্ধকী ফ্ল্যাটের নামে ৭ লাখ হাতিয়ে নিয়ে উল্টো হুমকি
ঢাকা: রাজধানীর পল্লবীতে পরিকল্পিত প্রতারণার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বন্ধকী ফ্ল্যাটের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ভাড়া না দেওয়া তো বটেই, উল্টো ভুক্তভোগীকে হুমকি দেওয়ার অভিযোগে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে এলাকায়।
ভুক্তভোগী মোঃ ইমার হোসেন (৪২) জানান, পল্লবীর সেকশন-১২, ব্লক-সি এলাকার বাসিন্দা নার্গিস বেগম (৬০), আঃ গনি মোল্লা (৩৯) ও রবিন মোল্লা (২৮) পূর্বপরিকল্পিতভাবে তাকে টার্গেট করে। গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে তারা একটি ৬৫০ স্কয়ার ফিটের ফ্ল্যাট বন্ধক রাখার কথা বলে তার কাছ থেকে ৬ লাখ টাকা আত্মসাৎ করে।
চুক্তি অনুযায়ী প্রতি মাসে ১২ হাজার টাকা ভাড়া দেওয়ার কথা থাকলেও, এক টাকাও পরিশোধ না করে দীর্ঘ ৫ মাস ধরে টালবাহানা করতে থাকে অভিযুক্তরা। এতে ভুক্তভোগীর পাওনা দাঁড়ায় অন্তত ৬০ হাজার টাকা।
ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন—এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে একই কৌশলে একাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলে আসছে।
সবশেষ গত ১০ এপ্রিল ২০২৬ তারিখে পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্তরা সম্পূর্ণ বেপরোয়া আচরণ করে। টাকা না দেওয়ার ঘোষণা দিয়ে তারা ভুক্তভোগীকে প্রকাশ্যে অপমান করে এবং চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়—“যার বাপ আছে নিয়ে এসে টাকা নিয়ে যা।” একই সঙ্গে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা।
এ ঘটনায় পল্লবী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
🔎 পুলিশের অবস্থান:
পল্লবী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রমাণ সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।