31/08/2026
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল: সন্তোষ প্রকাশ করেছেন ছায়া সরকার বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দ।
WPC News
মাগুরার ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়কে স্বাগত জানিয়েছেন ছায়া সরকার বাংলাদেশের নেতৃবৃন্দ। রায় ঘোষণার পর ছায়া সরকারের ছায়া স্বরাষ্ট্র মন্ত্রী লায়ন আজম খান, ছায়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আব্দুর রহিম আসাদ এবং সিলেট ছায়া মুখ্যমন্ত্রী পয়েট এসপি সেবু যৌথভাবে গভীর সন্তোষ প্রকাশ করেন।
এক যৌথ প্রতিক্রিয়ায় ছায়া সরকারের এই প্রতিনিধি দল জানান, "হাইকোর্ট কর্তৃক হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই ধরনের জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে অপরাধ প্রবণতা কমাতে সহায়ক ভূমিকা পালন করবে।" একই সাথে এই রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানান তারা।
উল্লেখ্য, ২০২৫ সালের মার্চ মাসে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় ধর্ষণের শিকার হয়ে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আছিয়া। এ ঘটনায় দায়েরকৃত মামলায় বিচারিক আদালত আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে ডেথ রেফারেন্স ও আসামির আপিল শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডই বহাল রাখেন।