19/03/2026
বাপ্তা ১নং ওয়ার্ডে জমি বিরোধ ঘিরে সংঘর্ষ, নারী নির্যাতনের অভিযোগ
মোহাম্মদ আলী,ভোলা।।
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিরের পোলা হাজি বাড়িতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ, জাহাঙ্গীর ও আমজাদ—এই তিন ভাইয়ের মধ্যে পারিবারিক জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, এই বিরোধের জের ধরে আমজাদের স্ত্রী রুবি, তার ছেলে আবুবকর সিদ্দিক এবং রুবির মা তাসলিমা বেগম সবুজ ও জাহাঙ্গীরের পরিবারের সদস্যদের ওপর বিভিন্ন সময় মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছেন।
ভুক্তভোগীদের দাবি, রুবির পিতা কাশেম ডাক্তার পূর্বে নিজে উপস্থিত থেকে সবুজ ও জাহাঙ্গীরের বসতঘর নির্মাণে সহায়তা করেছিলেন। কিন্তু বর্তমানে সেই ঘরের সিঁড়ি ভেঙে দেওয়ার চেষ্টা করছেন রুবি, যা নিয়ে বিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী রেহানা বেগম অভিযোগ করে বলেন, “রুবি আমাকে হত্যা করার উদ্দেশ্যে গলা চেপে ধরেছিল। আমার চিৎকারে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই।”
বৃহস্পতিবার (১৮/০৩/২০২৬ )তারিখে রুবি ও তার ছেলে সিঁড়ি ভাঙার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে ভোলা সদর থানার এসআই সোহেল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন।
অন্যদিকে, অভিযুক্ত রুবি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি সুন্দর একটি ঘর তৈরি করেছি, তাই তারা হিংসা করছে। আমি আমার জায়গা দিয়ে যেকোনো মূল্যে চলাচলের পথ বের করব এবং প্রয়োজন হলে সিঁড়ি অপসারণ করব।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে করে পরিস্থিতি আরও অবনতি না ঘটে।