25/08/2026
প্রবীণ জননেতা, হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপুর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ
---
বরিশাল জেলাধীন হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, হিজলা উপজেলার দুই বারের প্রাক্তন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব সুলতান মাহমুদ টিপুর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হচ্ছে।
আজ সকালে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)...
সুলতান মাহমুদ টিপু ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের এক রাজপথের অকুতোভয় সৈনিক ও নিবেদিতপ্রাণ প্রাণপুরুষ। মাত্র ৩৪ বছর বয়সে ১৯৮৯ সালের কাউন্সিলে তিনি হিজলা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে তৃণমূল রাজনীতিতে নেতৃত্বের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। পরবর্তীতে ২০১৩ সালের কাউন্সিলে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং আমৃত্যু অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সেই দায়িত্ব পালন করে গেছেন।
আন্দোলন-সংগ্রামের প্রতিটি সংকটে তিনি সম্মুখে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন।
রাজনৈতিক জীবনে বিএনপি-জামায়াত জোট সরকারের অমানবিক নির্যাতন, দমন-পীড়ন এবং একের পর এক মিথ্যে মামলা-হামলার শিকার হয়েও তিনি কখনো বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব থেকে একচুল বিচ্যুত হননি।
২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে সফল উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি হিজলার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করেন। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে তিনি ছিলেন এক অত্যন্ত সমাদৃত, কর্মীবান্ধব, সদালাপী ও সদাহাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর প্রয়াণে কেবল হিজলা আওয়ামী লীগই নয়, গোটা হিজলাবাসী একজন অভিভাবকতুল্য প্রিয় নেতাকে হারাল।
বাংলাদেশ আওয়ামী লীগ তাঁর এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করছে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও হিজলার সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু