07/06/2026
টঙ্গী বাজারে ড্রেনের নোংরা পানিতে গরুর মাংস ধোয়ার অভিযোগ: জনমনে তীব্র ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ড্রেনের নোংরা ও দূষিত পানিতে নষ্ট গরুর মাংস ধুয়ে বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু
ছবি ও পোস্টে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।
ছড়িয়ে পড়া ছবি ও পোস্ট থেকে জানা যায়, কিছু অসাধু চক্র ড্রেনের ময়লা পানিতে নষ্ট বা পচা গরুর মাংস ধুয়ে নিচ্ছে। পরবর্তীতে সেই মাংসের ওপর বিভিন্ন কেমিক্যাল বা মেডিসিন এবং টাটকা রক্ত মিশিয়ে একদম তাজা ও খাঁটি মাংস হিসেবে ফুটপাতে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে। টাকার লোভে মানুষের স্বাস্থ্য নিয়ে এমন ভয়ঙ্কর খেলার চিত্র দেখে স্থানীয় বাসিন্দা ও নেটিজেনদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই ধরনের ভেজাল ও ক্ষতিকর মাংস খাওয়ার ফলে সাধারণ মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পোস্টটিতে সাধারণ ক্রেতাদের গরুর মাংস কেনার সময় অত্যন্ত সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে। একই সাথে, এই অসাধু ব্যবসায়ী ও অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। #টঙ্গী #টঙ্গীবাজার #গাজীপুর