28/08/2026
তিনি জানতেনই না, কয়েক মিনিটের মধ্যে নিজেই হয়ে উঠবেন অন্য কারও বিয়ের সবচেয়ে আলোচিত অতিথি!
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লা হোয়ায় একটি হোটেলের বারান্দা থেকে খালি গায়ে দাঁড়িয়ে বিয়ের অনুষ্ঠান দেখছিলেন এক অচেনা ব্যক্তি। সেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।
বিয়েটি অনুষ্ঠিত হয় ১৮ জুলাই, এস্টানসিয়া লা হোয়া হোটেল অ্যান্ড স্পার গার্ডেন কোর্টইয়ার্ডে। হোটেলের বেশ কয়েকটি কক্ষ থেকে বিয়ের অনুষ্ঠানস্থল দেখা যাচ্ছিল।
তৃতীয় তলায় থাকা এক নারী খেয়াল করেন, বর-কনের পক্ষের লোকজন যখন আইল ধরে এগোচ্ছেন, তখন পাশের একটি বারান্দায় খালি গায়ে দাঁড়িয়ে আছেন এক যুবক। প্রথমে তিনি ও তার প্রেমিক ভেবেছিলেন, লোকটি হয়তো কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন যে নিচে বিয়ে চলছে এবং সরে যাবেন।
কিন্তু তা হয়নি।
বরং তিনি বেশ নিশ্চিন্তভাবেই বারান্দায় দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতে থাকেন, যেন বিয়েতে নিমন্ত্রণ না থাকলেও সবচেয়ে ভালো আসনটি তারই!
দৃশ্যটি দেখে ওই নারী ভিডিও ধারণ করেন এবং পরে টিকটকে শেয়ার করেন। ক্যাপশনে মজা করে লেখেন, “The LORD is already testing HER.”
ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। প্রতিবেদনে বলা হয়, এটি ১ কোটি ৯০ লাখের বেশি ভিউ এবং প্রায় ৩৭ লাখ লাইক পায়!
ভিডিও ধারণ করা নারী নিজেও স্বীকার করেন, লোকটির দিকে নজর যাওয়ার একটা কারণ ছিল। তার ভাষায়, ওই যুবককে দেখতে 'সুপারমডেলের মতো' লাগছিল। মজার বিষয় হলো, ভাইরাল হওয়ার পরও ওই রহস্যময় বারান্দার অতিথির পরিচয় জানা যায়নি।
তবে একটি বিষয় নিশ্চিত, নিমন্ত্রণ ছাড়াই তিনি সেই বিয়ের সবচেয়ে স্মরণীয় চরিত্রগুলোর একজন হয়ে গিয়েছিলেন।