10/09/2026
শিশুসাহিত্যে ভারতের সাহিত্য অকাদেমি ও পশ্চিমবঙ্গের বিদ্যাসাগরসহ বিবিধ পুরস্কারে ভূষিত সাহিত্যিক অমরেন্দ্র চক্রবর্তীর পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত নতুন উপন্যাস ‘গৌর যাযাবর’।
গান গেয়ে একতারা হাতে ঘুরে বেড়ানো বাউণ্ডুলে রাখাল ছেলে গৌর আর তার প্রাণের বন্ধু বুধা নামের গোরুটিকে নিয়েই এই চমৎকার আখ্যান। একদিন সন্ধে গড়িয়ে যাওয়ায় মার খাওয়ার ভয়ে সাহাবাবুদের বাড়ি ছেড়ে অজানা পথে পা বাড়ায় গৌর। আর সেই পথচলাই তাকে এক অভাবনীয় জীবনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। সাপে কাটা মৃতদেহের ভেলায় ভেসে চলা, নদীপথে জলপুলিশের দেখা পাওয়া থেকে শুরু করে নানা বিচিত্র অভিজ্ঞতা হয় তার! জঙ্গলে দুই পকেটমারকে গান গেয়ে ভালো পথে ফেরানো, স্বর্গে যেতে চাওয়া পাগল যুবককে সুস্থ করে তোলা, আর ডাকাতদের হাত থেকে পুরো গ্রামকে বাঁচানো— গৌর যেখানেই যায়, সেখানেই যেন নিজের ভালোবাসা দিয়ে চারপাশের মানুষকে সোনার মতো খাঁটি করে তোলে।
‘গৌর যাযাবর’ কেবল একটি রাখাল ছেলের বাউণ্ডুলে জীবনকাহিনি নয়, বরং এটি আত্মার আলোয় মানুষকে জাগিয়ে তোলার এক মায়াবী উপাখ্যান। বইটি অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন: https://pbs.com.bd/book/2604261