21/04/2026
৬ বছরের শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনীত নারী প্রার্থী
জুলাই গণঅভ্যুত্থানে শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। একক প্রার্থী হওয়ায় তাঁর এমপি হওয়া নিশ্চিত।
ছয় বছর বয়সী জাবির ইব্রাহিম ২০২৪ সালের ৫ আগস্ট উত্তরায় পুলিশের গুলিতে শহীদ হয়। উত্তরার কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের নার্সারি ছাত্র ছোট্ট জাবির সেইদিন বাবা কবির হোসাইনের সঙ্গে মিছিলে গিয়ে প্রাণ হারায়।
শহীদ জাবিরের মা রোকেয়া বেগম পেশায় গৃহিনী। তাঁর তিন সন্তানের মধ্যে জাবির ছিল সবার ছোট। তাঁর স্বামী কবির হোসাইন বেসরকারি মোবাইল রিটেইলার প্রতিষ্ঠানে চাকরি করেন। শহীদ জুলাইদের জীবনী অনুযায়ী, ছোট্ট জাবির শিক্ষার্থীদের মিছিলে অংশ নিতে উদগ্রীব ছিল। রোকেয়া বেগম সেই সময়ে সন্তানদের নিয়ে ৫ আগস্টের লংমার্চে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। শেখ হাসিনার পতনের পর সন্তান নিয়ে বিজয়ে মিছিলে যোগ দেন। তখন পূর্ব থানা থেকে পুলিশ গুলি করলে মায়ের হাত ধরা জাবির গুলিবিদ্ধ হয়।
তাঁর উরুতে গুলি লাগে। রক্তাক্ত জাবিরকে কোলে করে কুয়েত-মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছিল। রক্ত জোগাড় হলেও ক্রস ম্যাচের অভাবে সন্ধ্যায় শহীদ হয় জাবির ইব্রাহিম।