Priyo Barta

Priyo Barta Priyo Barta is the popular & real time updated Bangla news portal in Bangladesh.

২০২৭ বিশ্বকাপের যৌথ আয়োজক নামিবিয়ার মাটিতে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা বিশাল জয় পেয়েছে। তারা ৬ উইকেটে ৩৪৮ রান করার পর ...
09/09/2026

২০২৭ বিশ্বকাপের যৌথ আয়োজক নামিবিয়ার মাটিতে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা বিশাল জয় পেয়েছে। তারা ৬ উইকেটে ৩৪৮ রান করার পর নামিবিয়া কখনোই ম্যাচে ছিল না। সফরকারীদের জয় ছিল সময়ের ব্যাপার। কিন্তু দুটি বৃষ্টি বিরতির কারণে দক্ষিণ আফ্রিকার জয় বিলম্বিত হয়েছে।

ব্যাট হাতে কোনো প্রতিরোধ গড়তে পারেনি নামিবিয়া। এমনকি বল হাতেও না, যদিও প্রথম কয়েক ওভার কিছুটা বলার মতো ছিল। পুরো ম্যাচই দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে ছিল।

অভিষেকে বিশ্ব রেকর্ড ছোঁয়া ১৫০ রান করেন জর্ডান হারমান। তাতেই ম্যাচের ফল একপ্রকার নিশ্চিত হয়ে যায়। বিশাল লক্ষ্যে নেমে নামিবিয়ার ওপেনিং জুটি ৫১ রান যোগ করে। কিন্তু সময় নিয়েছে অনেক। তাতে হারের অপেক্ষায় থেকে তারা কেবল ব্যবধান কমিয়েছে।

সংশোধিত লক্ষ্যে তাদের ৩১ ওভারে প্রয়োজন ছিল ২৬২ রান। ৮ উইকেটে করে ১৬২ রান। দক্ষিণ আফ্রিকার প্রেনেলান সুবরায়েন সর্বোচ্চ চার উইকেট নেন ৬ ওভারে ২৯ রান দিয়ে।

প্রত্যাশিতভাবে ১২৬ বলে ১৫০ রান করে ম্যাচসেরা হয়েছেন হারমান। প্রোটিয়াদের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ রান করেছিলেন টনি ডি জর্জি।

ম্যানচেস্টার ডার্বির আর মাত্র কয়েক দিন বাকি। তার আগে ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে দেখা গেল না লুক শকে। চ্যাম্পিয়নস ল...
09/09/2026

ম্যানচেস্টার ডার্বির আর মাত্র কয়েক দিন বাকি। তার আগে ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে দেখা গেল না লুক শকে। চ্যাম্পিয়নস লিগে সাবাহর বিপক্ষে ম্যাচের আগে ইংলিশ এই ডিফেন্ডারকে নিয়ে তাই তৈরি হয়েছে কিছুটা অনিশ্চয়তা।
বুধবার সকালে দলের অনুশীলনে ছিলেন না শ। এর এক দিন পরই চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইউনাইটেড। এরপর রোববার অপেক্ষা করছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বড় ডার্বি।

তবে শকে নিয়ে গুরুতর কোনো চোটের শঙ্কা নেই বলে জানিয়েছেন কোচ মাইকেল ক্যারিক। সাংবাদিকদের তিনি বলেছেন, শকে বাড়তি এক দিন বিশ্রাম দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আগামীকাল দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি চলমান কোনো সমস্যা নয়, বরং খেলোয়াড়দের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী স্বাভাবিক ব্যবস্থাপনার অংশ।

অনুশীলনে ছিলেন না ম্যাথিয়াস ডি লিখটও। গত নভেম্বর থেকে পিঠের চোটে মাঠের বাইরে থাকা নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার ধীরে ধীরে ফেরার পথে আছেন। ক্যারিক জানিয়েছেন, ডি লিখট ভালোভাবেই অনুশীলন করছেন, তবে ফেরার শেষ ধাপটিতে এখনো তাকে সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে।

সামনে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ডার্বি থাকায় আজারবাইজানের চ্যাম্পিয়ন সাবাহর বিপক্ষে একাদশে কিছুটা পরিবর্তন আনতে পারেন ক্যারিক। সেই ম্যাচে বেঞ্জামিন সেস্কোকে মৌসুমে প্রথমবারের মতো শুরু থেকে খেলানোর সম্ভাবনাও আছে। শিনের চোট কাটিয়ে ধীরে ধীরে পুরোপুরি ফিট হয়ে উঠছেন এই ফরোয়ার্ড।

সেস্কো সম্পর্কে ক্যারিক বলেছেন, পুরোপুরি ফিট হওয়ার খুব কাছাকাছি আছেন তিনি। অনেকটা সময় মাঠের বাইরে থাকায় তাকে ধীরে ধীরে প্রস্তুত করা হয়েছে। গত মৌসুমে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা সেস্কো এখন ভালো অবস্থায় আছেন; পরের ধাপ নেওয়ার সময়টাই শুধু ঠিক করতে হবে।

ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে এবার বিতর্কের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে...
09/09/2026

ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে এবার বিতর্কের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে পিএসজির দুই তারকা ব্র্যাডলি বারকোলা ও দেসায়ার দুয়োর বাদ পড়া। দুজনেরই মৌসুম কেটেছে সাফল্যে, তবু জায়গা হয়নি তাদের।

পিএসজির হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও লিগ ওয়ান জিতেছেন বারকোলা ও দুয়ো। ফ্রান্স জাতীয় দলের হয়েও ছিলেন আলোচনায়। এরপরও ব্যালন ডি’অরের মূল তালিকায় তাদের বদলে অন্য খেলোয়াড়দের বেছে নেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিতে হয়েছে ফ্রান্স ফুটবলের সম্পাদক ও ব্যালন ডি’অর আয়োজনের সঙ্গে যুক্ত ভিনসেন্ট গার্সিয়াকে। ফরাসি সংবাদমাধ্যম ল’কিপে প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, একই দলের দুই খেলোয়াড় হওয়াটাই তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

গার্সিয়ার মতে, বারকোলার সঙ্গে প্রায়ই পারফরম্যান্স ভাগাভাগি করতে হয়েছে দুয়োকে। ক্লাব ও ফ্রান্স—দুই দলেই দুজনের ভূমিকা অনেকটা অদলবদলযোগ্য ছিল। এর সঙ্গে পুরো মৌসুমজুড়ে ধারাবাহিকতার অভাবও ছিল। কখনো ভালো ফর্ম, আবার কখনো বেঞ্চে বসে থাকা—এমন ওঠানামা তাদের ব্যক্তিগত পারফরম্যান্সের মূল্যায়নে প্রভাব ফেলেছে।

ফ্রান্স ফুটবলের আরেক সাংবাদিক অলিভিয়ে বোসার্ডও বিষয়টি আরও পরিষ্কার করেছেন ‘ল’কিপ দ্য গ্রেগ’ অনুষ্ঠানে। তার দাবি, বারকোলা খুব কম ভোট পেয়েছেন। আর দুয়ো শেষ পর্যন্ত ভোটের তালিকায় ৩১ বা ৩২ নম্বরে ছিলেন।

বোসার্ড জানিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত দুয়োকে সেরা ৩০-এ ঢোকানোর চেষ্টা ছিল। কিন্তু যারা তাকে তালিকায় রাখেননি, তারা মনে করেছেন বারকোলার সঙ্গে একই পজিশন ও ভূমিকার প্রতিযোগিতাই দুয়োর বিপক্ষে গেছে। কখনো বারকোলা এগিয়ে গেছেন, আবার কখনো দুয়ো।

চলতি চ্যাম্পিয়নস লিগে লিভারপুল তাদের প্রথম ম্যাচে স্বাগত জানাবে অ্যাতলেটিকো মাদ্রিদকে। কিন্তু পরের মৌসুমে সেটা আর হচ্ছে ...
09/09/2026

চলতি চ্যাম্পিয়নস লিগে লিভারপুল তাদের প্রথম ম্যাচে স্বাগত জানাবে অ্যাতলেটিকো মাদ্রিদকে। কিন্তু পরের মৌসুমে সেটা আর হচ্ছে না।

আজ দিবাগত রাতে অ্যানফিল্ডে প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচে লিভারপুলের ডাগআউটে থাকবেন আন্দনি ইরাওলা। প্রিমিয়ার লিগে সম্ভাব্য ৯ পয়েন্টের মধ্যে পাঁচ পয়েন্ট পেয়েছে তারা। আর ডিয়েগো সিমিওনের দল ৩-০ গোলে অ্যাথলেটিক ক্লাবের কাছে হেরে মার্সিসাইড সফর করছে।

গত কয়েক বছরে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় প্রায় সময় দেখা হয়েছে দুই দলের। ২০২০ সালে অ্যাতলেটিকো ইয়ুর্গেন ক্লপের দলকে তাদের মাঠেই হারিয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় করেছিল। গত মৌসুমেও তাদের দেখা হয়েছিল। শেষ দিকে ভার্জিল ফন ডাইকের হেডে আর্নে স্লটের দল জয় পেয়েছিল। মার্কোস লরেন্তের জোড়া গোলে স্প্যানিশরা সমতা ফেরায়। তার আগে অ্যান্ডি রবার্টসন ও মোহাম্মদ সালাহ লিগ পর্বের এই লড়াইয়ে লিভারপুলকে এগিয়ে দেন। এই মৌসুমেও ড্রতে একই ভেন্যুতে দুই দলের খেলা পড়েছে। কিন্তু পরের বছর এটা আর হবে না।

উয়েফার নিয়ম অনুযায়ী, লিগ পর্বে ঠিক একই রকম সূচি টানা তিন মৌসুম পুনরাবৃত্তি হবে না। মানে লিভারপুল যদি সামনের মৌসুমে অ্যাতলেটিকোর সামনে পড়ে, তাহলে তাদেরকে খেলতে হবে প্রতিপক্ষের মাঠে।

এই মৌসুমের ড্রয়ের আগে উয়েফার ওয়েবসাইট অনুসারে, ‘উয়েফা ক্লাব প্রতিযোগিতা কমিটি একটি অতিরিক্ত শর্ত নির্ধারণ করেছে যা ২০২৬/২৭ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সিদ্ধান্তটি হলো, একই দুটি দলের মধ্যে কোনো একটি ম্যাচ একই প্রতিযোগিতায় একই হোম টিম নিয়ে টানা তিন মৌসুম ধরে পুনরাবৃত্তি করা যাবে না।’

জয়টা এসেছিল, সঙ্গে এসেছিল স্বস্তিও। কিন্তু অ্যাস্টন ভিলার বিপক্ষে আর্সেনালের ১-০ ব্যবধানের জয়ের পর আলোচনার কেন্দ্রে ছিল ...
09/09/2026

জয়টা এসেছিল, সঙ্গে এসেছিল স্বস্তিও। কিন্তু অ্যাস্টন ভিলার বিপক্ষে আর্সেনালের ১-০ ব্যবধানের জয়ের পর আলোচনার কেন্দ্রে ছিল রেফারিং। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যে বিতর্ক হয়েছিল, এবার সেটিই আনুষ্ঠানিকভাবে ভুল বলে স্বীকার করেছে প্রিমিয়ার লিগ।

ভিলা পার্কের ম্যাচটি পর্যালোচনা করে ‘কি ম্যাচ ইন্সিডেন্ট’ (কেএমআই) প্যানেল জানিয়েছে, যোগ করা সময়ে ইয়ান মাতসেনের ফাউল থেকে আর্সেনালের পেনাল্টি পাওয়া উচিত ছিল। শুধু তা-ই নয়, ওই ফাউলের জন্য মাতসেনকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়ানোও উচিত ছিল বলে জানিয়েছে প্যানেল।

গত মাসে অ্যাস্টন ভিলার বিপক্ষে কষ্টার্জিত ১-০ জয় পেয়েছিল আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা। তবে ম্যাচের শেষ মুহূর্তে নাটক জমে ওঠে। যোগ করা সময়ে বক্সের ভেতর বলের নাগাল না পেয়েও ব্রুনো গিমারেসকে স্লাইড করে ফাউল করেন মাতসেন।

মাঠের রেফারি জ্যারেড জিলেট আর্সেনালের পেনাল্টির আবেদন নাকচ করে দেন। পরে ভিএআরে থাকা জেমস বেলও রিপ্লে দেখে মাঠের সিদ্ধান্ত বদলানোর প্রয়োজন মনে করেননি। ফলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও রেফারিংয়ের সিদ্ধান্ত নিয়ে হতাশা নিয়েই ফিরতে হয় আর্সেনালকে।

ম্যাচের পর ঘটনা পর্যালোচনা করে কেএমআই প্যানেল অবশ্য ভিন্ন সিদ্ধান্তে পৌঁছেছে। তাদের মতে, মাতসেনের ফাউলটি পেনাল্টি দেওয়ার মতো ছিল এবং ভিএআরের হস্তক্ষেপ করে অন-ফিল্ড রিভিউয়ের পরামর্শ দেওয়া উচিত ছিল।

প্রিমিয়ার লিগের অফিসিয়াল ওয়েবসাইটে প্যানেল বলেছে, গিমারেসের ওপর মাতসেনের বেপরোয়া ফাউলের জন্য মাঠেই পেনাল্টির বাঁশি বাজানো উচিত ছিল। আক্রমণভাগের খেলোয়াড়ের পায়ে স্পষ্ট আঘাত করেছিলেন মাতসেন এবং বলে কোনো স্পর্শও করতে পারেননি তিনি। তাই পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তকে ‘স্পষ্ট ও বড় ভুল’ হিসেবে উল্লেখ করেছে প্যানেল। একই সঙ্গে ফাউলটি বেপরোয়া হওয়ায় মাতসেনের দ্বিতীয় হলুদ কার্ডও প্রাপ্য ছিল বলে জানিয়েছে তারা।

ভিএআরের হস্তক্ষেপ না করার বিষয়েও পরে ব্যাখ্যা দিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, ভিএআর ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চ মানদণ্ড বজায় রাখাই নীতি। প্রতিটি ঘটনাকে নতুন করে রেফারিং করার জন্য ভিএআর ব্যবহার করা হয় না; সিদ্ধান্ত বদলের ক্ষেত্রে স্পষ্ট প্রমাণ থাকা প্রয়োজন।

তবে এই ঘটনায় সেই শর্তগুলো পূরণ হয়েছিল বলেই মনে করছে প্রিমিয়ার লিগ। কর্তৃপক্ষ জানিয়েছে, বেপরোয়া ফাউলের কারণে মাঠেই পেনাল্টি দেওয়া উচিত ছিল এবং ভিএআরের হস্তক্ষেপের প্রয়োজনীয় সব মানদণ্ডও পূরণ হয়েছিল। ফলে ভিএআরের উচিত ছিল জিলেটকে অন-ফিল্ড রিভিউয়ের পরামর্শ দেওয়া।

২০৩০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে ব্রাজিল। এজন্য দল গোছানোর চিন্তাভাবনা কোচ কার্লো আনচেলত্তির। জাতীয় দলে বড় ধরনের ...
09/09/2026

২০৩০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে ব্রাজিল। এজন্য দল গোছানোর চিন্তাভাবনা কোচ কার্লো আনচেলত্তির। জাতীয় দলে বড় ধরনের রদবদল আনার আভাস দিয়েছেন তিনি। তার এমন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলকে দুটি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া থিয়াগো সিলভা।

এই বছরের বিশ্বকাপে ব্রাজিল শেষ ষোলো থেকে বাদ পড়ার পর আনচেলত্তি বলেছিলেন, তিনি দলকে নিয়ে একটি নতুন অধ্যায় শুরু করবেন। এছাড়া তরুণ প্রতিভাবান খেলোয়াড়ের প্রয়োজনীয়তার কথাও জানান ইতালিয়ান কোচ।

আনচেলত্তির কথার প্রতিফলন দেখা যেতে পারে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণার পর। এর আগে ফ্লুমিনেন্স সেন্টার ব্যাক সিলভা রেডিও তুপি-কে বললেন, ‘আপনি কী চান, আমি মিথ্যা বলি নাকি সত্যি বলি? ৩১, ৩২ কিংবা ৩৩ বছর বয়সী খেলোয়াড়দের বাদ দেওয়া যায় না। আমি প্রায় ৪১ বছর বয়সে বিশ্বকাপ খেলতে গিয়েছিলাম। যারা ভালো ফর্মে আছে তাদের বাদ দিতে পারেন না।’

২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছিলেন সিলভা। এফসি পোর্তোর সঙ্গে দারুণ ফর্মে থেকেও শেষ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি। দেশের হয়ে ১১৩ ম্যাচ খেলা এই ডিফেন্ডারের মতে, জাতীয় দলে পুনর্গঠনে তাড়াহুড়ো করা উচিত নয়।

সাবেক চেলসি তারকা বললেন, ‘ব্রাজিলিয়ান জাতীয় দলের ক্ষেত্রে কিছু বিষয়ে কাজ ধীরে ধীরে করতে হয়। চাইলেই সবাইকে বাদ দিয়ে নতুন খেলোয়াড় আনতে পারেন না। ধাপে ধাপে এটা করতে হবে। ব্রাজিলিয়ান জাতীয় দলের খেলোয়াড় হতে পারা অনেক কঠিন, এটা ক্লাব ফুটবলের চেয়ে একেবারে আলাদা।’

আনচেলত্তিকে নিয়ে তার কথা, ‘সে (আনচেলত্তি) ইউরোপিয়ান ফুটবল থেকে এসেছে, যেখানে পরিবর্তন করা অনেক সহজ। এখানে ব্যাপারটা সেভাবে চলে না। আপনাকে মানিয়ে নিয়ে ফল পেতে হবে। আর সম্ভব হলে ভালো খেলতে হবে। আমি এই ধরনের পরিবর্তন পছন্দ করি না। আমি এর সঙ্গে একমত নই। কিন্তু দায়িত্বে তো সে আছে।’

মাঠের বাইরে টালমাটাল অবস্থা। মাঠের ভেতরে ভালো পারফরম্যান্স করে সেটা ভুলে যেতে চাইছিল তারা। কিন্তু তাদের সমস্যা কাটেনি। য...
09/09/2026

মাঠের বাইরে টালমাটাল অবস্থা। মাঠের ভেতরে ভালো পারফরম্যান্স করে সেটা ভুলে যেতে চাইছিল তারা। কিন্তু তাদের সমস্যা কাটেনি। যেখানে শেষ হয়েছিল, সেখানেই হলো শুরু। লিডস ও লর্ডসের মতো এজবাস্টনেও ভয়াবহ ব্যাটিং ধস।

প্রথম সেশনেই ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে পাকিস্তান। তাদের প্রথম পাঁচ ব্যাটারের সবাই এক অঙ্কের ঘরে থেকে আউট হয়েছেন। সাইম আইয়ুব, আজান আওয়াইস, আব্দুল্লাহ শফিক, শান মাসুদ ও বাবর আজম কোনো প্রতিরোধ গড়তে পারেননি। ১৫ ওভারের মধ্যে ৪৮ রানে ৫ উইকেট হারায় তারা।

এই ধসে টেস্ট ইতিহাসে বিব্রতকর ও অবাঞ্ছিত এক রেকর্ড গড়েছে পাকিস্তান। এনিয়ে ১২তম বার টেস্টে এক ইনিংসে প্রথম পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘরে না যেতেই আউট হলেন, তবে প্রথম ইনিংসে এমন কিছু ঘটল প্রথমবার। মানে পাকিস্তানই প্রথম দল যাদের প্রথম ইনিংসের শীর্ষ পাঁচ ব্যাটারই এক অঙ্কের ঘরে থেকে মাঠ ছেড়েছেন।

ধসের শুরু হয় সাইমকে দিয়ে। অলি রবিনসনের শিকার হন তিনি ১০ বলে ডাক মেরে। রবিনসন তারপর ৩ রানে শফিককে ফেরান। জোফরা আর্চারের কাছে ৯ ও ৫ রানে উইকেট হারান আজান ও মাসুদ। বাবরও টিকতে পারেননি। ১৮ বলে ৭ রান করে জশ টাংয়ের বলে বোল্ড হন অধিনায়ক। দলের মতো নেতৃত্বেও বাবর ব্যর্থ। লর্ডসে দুই ইনিংসে ৮ ও ৬ রান করেছিলেন। মানে তিন ইনিংসে মাত্র ২১ রান।

ষষ্ঠ ব্যাটার সৌদ শাকিল পাকিস্তানের ইনিংসে প্রথম দুই অঙ্কের ঘরে রান করেন। ৪৩ রান করে তিনিই ছিল সেরা ব্যাটার। এছাড়া রাজাউল্লাহ ১১ ও মোহাম্মদ আব্বাস ২১ রান করেন। পাকিস্তান ১৩৩ রানে অলআউট হয়েছে।

ইংল্যান্ডের পক্ষে টাং সর্বোচ্চ চার উইকেট নেন। রবিনসন ও আর্চার পান তিনটি করে উইকেট।

ক্রিশ্চিয়ানো রোনালদোর কিছু রেকর্ড আছে, যেগুলোকে ভাঙার কথা ভাবাটাই কঠিন। চ্যাম্পিয়নস লিগেও এমন একাধিক কীর্তি গড়েছেন পর্তু...
09/09/2026

ক্রিশ্চিয়ানো রোনালদোর কিছু রেকর্ড আছে, যেগুলোকে ভাঙার কথা ভাবাটাই কঠিন। চ্যাম্পিয়নস লিগেও এমন একাধিক কীর্তি গড়েছেন পর্তুগিজ তারকা। এর মধ্যে ২০১৩-১৪ মৌসুমে এক আসরে করা ১৭ গোলের রেকর্ডটিই এখন সবচেয়ে বেশি আলোচনায়—নতুন ফরম্যাটে সেটি ভাঙার সুযোগও তৈরি হয়েছে।

২০২৪ সালের এপ্রিলে চ্যাম্পিয়নস লিগে রোনালদোর সাতটি রেকর্ড নিয়ে আলোচনা হয়েছিল। এরপর প্রতিযোগিতার ফরম্যাট বদলেছে। ঐতিহ্যবাহী গ্রুপ পর্বের বদলে এসেছে ৩৬ দলের লিগ পর্ব। বেড়েছে ম্যাচের সংখ্যা, আর তার সঙ্গে বেড়েছে গোল করার সুযোগও।

একটি দল প্লে-অফ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত গেলে সর্বোচ্চ ১৭টি ম্যাচ খেলতে পারে। ফলে রোনালদোর ১৭ গোলের রেকর্ড আর একেবারে ধরাছোঁয়ার বাইরে নেই।

কিলিয়ান এমবাপে

রোনালদোর রেকর্ডের সবচেয়ে কাছে গত মৌসুমে গিয়েছিলেন এমবাপেই। ১৫ গোলের পর এবার তার সামনে লক্ষ্য আরও তিন ধাপ এগোনো। লা লিগায় মৌসুমের শুরুটাও ভালো হয়েছে তার—চার ম্যাচে চার গোল। রিয়াল মাদ্রিদ বা ফ্রান্সের হয়ে গত মৌসুমে কোনো শিরোপা জিততে পারেননি এমবাপে। তবে গোলের ধারাবাহিকতা তাকে ব্যালন ডি’অরের আলোচনায় রেখেছে। নতুন মৌসুমে সেই দাবিকে আরও শক্ত করতে চ্যাম্পিয়নস লিগে গতবারের মতোই ধারাবাহিক হতে হবে তাকে। কোচ হিসেবে হোসে মরিনিওর অধীনে সেই কাজ কতটা ভালোভাবে করতে পারেন, সেটিই এখন দেখার।

আরলিং হালান্ড

চ্যাম্পিয়নস লিগই হালান্ডকে বিশ্ব ফুটবলের বড় মঞ্চে পরিচিত করে তুলেছিল, সালজবুর্গের হয়ে খেলার সময়। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে আট গোলের পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন আরও ৩০ গোল।

২৬ বছর বয়সে ক্যারিয়ারের সেরা সময়ের দিকে এগোচ্ছেন হালান্ড। নতুন মৌসুমেও লিগে গোলের ধারা ধরে রেখেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই পোর্তোর বিপক্ষে করেছেন জোড়া গোল। নতুন কোচ এনজো মারেসকার অধীনে ম্যানচেস্টার সিটি কত দূর যেতে পারে, তা সময়ই বলবে। তবে গোল করার সুযোগ পেলে হালান্ড যে সেটি নষ্ট করবেন না, সে ব্যাপারে খুব বেশি সন্দেহ থাকার কথা নয়।

হ্যারি কেইন

টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগে দুই অঙ্কের গোল করেছেন কেইন। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে তার গোল ছিল ১৪টি। সেমিফাইনালে বিদায় না হলে সংখ্যাটা আরও বাড়তে পারত।

গত মৌসুমের মতো বায়ার্ন যদি এবারও গোলের বন্যা বইয়ে দিতে পারে, তাহলে ইউরোপের অন্যতম ফেভারিট হয়েই থাকবে তারা। নতুন মৌসুমের প্রথম দুই বুন্দেসলিগা ম্যাচে কেইন গোল পাননি। তাতে অবশ্য তার সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই—গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬১ গোল করেছেন এই ইংলিশ স্ট্রাইকার।

রাফিনিয়া

রোনালদোর রেকর্ডের দৌড়ে একটু পিছিয়ে থাকা নামগুলোর মধ্যে রাফিনিয়াকে নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। বার্সেলোনায় নতুন ভূমিকায়, অনেকটা স্ট্রাইকার হিসেবে খেলছেন তিনি। লা লিগায় মৌসুমের প্রথম চার ম্যাচেই করেছেন ছয় গোল।

১৭ গোলের রেকর্ড ভাঙতে হলে এক ম্যাচে এক গোলের চেয়েও বেশি হারে গোল করতে হবে। সেই হিসাবে রাফিনিয়ার বর্তমান গতি তাকে আশাবাদী করতেই পারে।

বার্সেলোনা বেশ কিছুদিন ধরে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে পারছে না। টানা দুই লা লিগা শিরোপার পর এবার ইউরোপেও নিজেদের প্রভাব দেখাতে চাইবে তারা। রাফিনিয়া যদি গোলের এই ধারাটা ধরে রাখতে পারেন, তাতে বার্সার সেই অভিযানে বড় সহায়তা মিলবে।

উসমান দেম্বেলে

রোনালদোর রেকর্ডের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসতে পারে চ্যাম্পিয়নদের দল থেকেই। টানা দুইবারের চ্যাম্পিয়ন পিএসজি এবারও ইউরোপসেরার অন্যতম দাবিদার। আর তাদের আক্রমণের মূল ভরসা উসমান দেম্বেলে।

লুইস এনরিকের অধীনে উইঙ্গার থেকে সেন্টার-ফরোয়ার্ডে রূপান্তরিত হওয়ার পর দেম্বেলে হয়ে উঠেছেন পিএসজির প্রধান গোলদাতা। দলের টানা দুই চ্যাম্পিয়নস লিগ জয়ের পথেও দুই মৌসুমে আটটি করে গোল করেছেন তিনি।

রোনালদোর ১৭ গোল ছুঁতে হলে এবার সেই সংখ্যার দ্বিগুণেরও বেশি করতে হবে দেম্বেলেকে। ঘরোয়া মৌসুমে এখনো গোলের খাতা খুলতে পারেননি। তবু ফিট থেকে ছন্দে থাকলে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে রোনালদোর রেকর্ডে হানা দেওয়ার অন্যতম বড় নাম হতে পারেন তিনি।

গত মৌসুমের ট্রান্সফার উইন্ডোর শেষ দিকে বার্সেলোনার সঙ্গে চুক্তি সেরেছেন গ্যাব্রিয়েল জেসুস। কাতালান ক্লাবে আসার আগে আর্সে...
09/09/2026

গত মৌসুমের ট্রান্সফার উইন্ডোর শেষ দিকে বার্সেলোনার সঙ্গে চুক্তি সেরেছেন গ্যাব্রিয়েল জেসুস। কাতালান ক্লাবে আসার আগে আর্সেনালে কঠিন সময় পার করার কথা জানালেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গত রোববার স্প্যানিশ লিগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫-০ গোলে জেতার ম্যাচে বার্সেলোনার জার্সিতে অভিষেক হয় জেসুসের। ক্লাবটির শেষ চুক্তি হিসেবে তিনি ১০ মিলিয়ন ইউরোতে আসেন। বার্সা অ্যাতলেটিকো মাদ্রিদ তারকা হুলিয়ান আলভারেজকে না পেয়ে ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ানকে দলে টানে।

বার্সার জার্সিতে মাঠে নামার পর জেসুস জানালেন, কীভাবে তার দলবদল হলো এবং আর্সেনালে শেষ দিনগুলো কতটা দুঃসহ কেটেছে।

মুন্দো দেপোর্তিভো-কে তিনি বলেছেন, ‘সত্যি বলতে আমি ট্রেনিং করে যাচ্ছিলাম। বরাবরের মতোই আর্সেনালের সঙ্গে পুরো প্রাক-মৌসুম প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। স্পষ্টতই আমি আগেই জানতাম যে সম্ভবত সেখানে আমার খেলার বা তেমন কোনো সুযোগ পাওয়ার সম্ভাবনা কম, তবে আমাকে কেউ সেটা সরাসরি বলেনি।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন যে আমি একজন পেশাদার খেলোয়াড়, তাই আমি দলের সঙ্গেই ট্রেনিং চালিয়ে যাচ্ছিলাম। এরপর হঠাৎ করেই তারা আমাকে একা একা ট্রেনিং করার নির্দেশনা দেয়। আমি তবুও ট্রেনিং চালিয়ে যাই এবং নিজেকে সর্বোচ্চ প্রস্তুত রাখার চেষ্টা করি, যাতে আবারও সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ পেলে প্রস্তুত থাকতে পারি।’

দমবন্ধ অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরে খুশি জেসুস। বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকোকে কৃতিত্ব দিলেন তিনি, ‘আমরা জানতাম, আমার আসার সুযোগ আছে। আমি সরাসরি হ্যাঁ বলেছি, যেটাই হোক না কেন। এখানে আসতে পেরে আমি সত্যিই খুশি।’

ইন্দোনেশিয়ায় হতে যাওয়া ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ বাংলাদেশের ম্যাচ সূচি চূড়ান্ত হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ...
09/09/2026

ইন্দোনেশিয়ায় হতে যাওয়া ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ বাংলাদেশের ম্যাচ সূচি চূড়ান্ত হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে ২৫ সেপ্টেম্বর। সেদিন বাংলাদেশ সময় বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবেন হামজারা।

এর তিন দিন পর, ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।

বাংলাদেশের তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

বাংলাদেশের ম্যাচ সূচি:

২৫ সেপ্টেম্বর—বাংলাদেশ বনাম মালয়েশিয়া, বিকেল ৩টা

২৮ সেপ্টেম্বর—সিঙ্গাপুর বনাম বাংলাদেশ, বিকেল ৩টা

১ অক্টোবর—ইন্দোনেশিয়া বনাম বাংলাদেশ, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

Address

Rampura
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Priyo Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share