13/04/2016
Dimple বৈশাখী স্পেশাল,,
নববর্ষে গ্রাম-বাংলা
শহরের পহেলা বৈশাখ মানে একটি দিনের উৎসব। কিন্তু জানো কি বন্ধুরা, গ্রামে এই উৎসব চলে আরও বেশিদিন ধরে। পুরো একটা সপ্তাহ জুড়েই চলে এই বৈশাখী উৎসব। আর এই উৎসবের প্রধান আকর্ষণই হচ্ছে বৈশাখী মেলা। কী আছে ঐ মেলায়? বলো কী নেই সেই মেলায়! নানা ধরনের গানের আসর বসে সেখানে। সেই সব আসরে গান গাইতে নানান গ্রাম থেকে আসে কতো গায়ক, বাউল আর নাচের দল। আসে যাত্রাপালার অভিনয়শিল্পীরা। গায়কের দল পরিবেশন করে নানান ধরনের গান। যেমন- পালাগান, জারিগান, গম্ভীরা গান, কবি গান, বাউল গান, মুর্শিদী, মারফতি, ভাটিয়ালী আরো কতো ধরনের গান। অভিনয়শিল্পীরা পরিবেশন করেন যাত্রাপালা। লাইলী মজনুর পালা, ইউসুফ জুলেখার পালা, রাধা কৃষ্ণের পালার আসর দেখে গ্রামের মানুষ কেঁদে বুক ভাসিয়ে দেয়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ আসর চলে।
সবকিছু ছাড়িয়ে সবার মূল আকর্ষণ ও আগ্রহ থাকে পুতুলনাচ আর নাগরদোলায়। একবার ভাবো, তোমার সামনে কতোগুলো পুতুল যদি সত্যি সত্যিই নাচতে নাচতে তোমাকে একটা পুরো নাটকই দেখিয়ে দেয়, তখন কতো মজা হতে পারে। আর নাগরদোলা তো তোমরা চেনোই। একবার সাঁই করে ঘুরে ঐ আকাশের কাছে চলে যায়, আরেকবার সাঁই করে একেবারে মাটির একেবারে কাছটিতে নেমে আসে। এছাড়াও বাংলার ঐতিহ্যবাহী খাবার পিঠাপুলি, মণ্ডা-মিঠাই, বিভিন্ন ধরনের আচার ও হাতে তৈরী চিত্রকর্ম, খেলনা, মাটির পুতুল, জামা কাপড় ইত্যাদি বৈশাখে তো থাকেই।