03/09/2026
ক্যানসারের মতো কঠিন রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার পাশাপাশি আধ্যাত্মিক শক্তির ওপর ভরসা করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা নওমান ইজাজ। সম্প্রতি এক পডকাস্টে নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।
নওমান ইজাজের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের জুনে কানের কাছে একটি টিউমার এবং পেটে লিম্ফোমা ধরা পড়ে। অস্ত্রোপচারে একটি টিউমার অপসারণের পর চিকিৎসকরা তাকে কেমোথেরাপির পরামর্শ দেন।
এরপর বন্ধু গোহর বাটের পরামর্শে তিনি নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত শুরু করেন। তার দাবি, ২৩ জুলাই কেমোথেরাপি শুরু হওয়ার কথা থাকলেও তার একদিন আগে, ২২ জুলাই করা পরীক্ষায় চিকিৎসকরা আর ক্যানসার বা টিউমারের অস্তিত্ব খুঁজে পাননি। ফলে কেমোথেরাপিও বাতিল করা হয়। এই ঘটনাকে নওমান ইজাজ নিজের জীবনের ‘মিরাকল’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, সেই সময় থেকে আজও প্রতিদিন সূরা আর-রহমান তিলাওয়াত তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। তবে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে ক্যানসার অদৃশ্য হওয়ার কারণ নিশ্চিত করতে চিকিৎসা-সংক্রান্ত পূর্ণ নথি ও বিশেষজ্ঞ মূল্যায়ন প্রয়োজন।