12/09/2026
সাবেক ছাত্রনেতা সাইফুলকে ফাঁসাতে জোরপূর্বক ইয়াবা খাইয়ে ভিডিও ধারণ! ভুক্তভোগী শফিকুলের স্বীকারোক্তি!
থানায় লিখিত অভিযোগ
কুমিল্লার দেবিদ্বারে এক যুবককে অপহরণ করে জোরপূর্বক ইয়াবা খাইয়ে ভিডিও ধারণ, ব্লাকমেইল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শফিকুল ইসলাম (৩৮) বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ মে রাত আনুমানিক ১০টার দিকে দেবিদ্বার থানাধীন বড় আলমপুর প্রাইমারি স্কুল মাঠ থেকে অভিযুক্ত মোঃ ইকবাল হোসেন (৩৫), মোঃ নান্টু (৩৫) ও মোঃ মিজান (৩২)-সহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন যুবক ৪টি মোটরসাইকেলে এসে শফিকুল ইসলামকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরবর্তীতে তাকে পৌরো ফতেহাবাদ সাফিনচ্ছ চান্দারপাড় এলাকার ঈদগাহ সংলগ্ন একটি মেহগনি গাছের বাগানে নেওয়া হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, সেখানে শফিকুলকে জোরপূর্বক ইয়াবা ট্যাবলেট খাইয়ে তা মোবাইলে ভিডিও রেকর্ড করা হয়। একইসঙ্গে ভিকটিম ও তার পরিচিত সাইফুল ইসলামকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়। এ ঘটনা কাউকে জানালে বা আইনের আশ্রয় নিলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদান করে অভিযুক্তরা।
ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান, তিনি এবং সাইফুল ইসলাম সমাজে সুপরিচিত ও সম্মানিত ব্যক্তি। তাদের সুনাম ক্ষুণ্ন করা এবং ভিডিও ধারণ করে ভবিষ্যতে ব্ল্যাকমেইল ও চাঁদা আদায়ের উদ্দেশ্যে এ হীন কর্মকাণ্ড চালানো হয়েছে।
ঘটনার বিষয়ে স্থানীয়দের পরামর্শে নিরাপত্তার স্বার্থে তিনি দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।