03/09/2026
ছাত্রলীগ পরিচয়ে বিমানবন্দরে ২০০ গ্রাম স্বর্ণ ছি*নতাইয়ের অভিযোগে ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ৩ জন গ্রেপ্তার
ঢাকা, ৩১ আগস্ট ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর স্বজনের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছি*নতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
অভিযোগ অনুযায়ী, গত ২৮ আগস্ট রাত অনুমান ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের নিচে বিমানবন্দর থানাধীন এলাকায় ঘটনাটি ঘটে। মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির ছোট ভাই মো. সুমন (২৬) ও তার সঙ্গী রোহান চৌধুরী (২৫) সেখানে ছিলেন। সুমনের বড় ভাই বিদেশ থেকে পাঠানো ২০০ গ্রাম স্বর্ণালংকার (প্রতিজনের কাছে ১০০ গ্রাম করে, মোট আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা) নিয়ে তারা যাচ্ছিলেন।
এ সময় কয়েকজন ব্যক্তি তাদের ঘিরে ফেলে ‘আওয়ামী লীগ-ছাত্রলীগ’ পরিচয় দিয়ে হু*মকি-ধ*মকি দেন এবং জোর করে স্বর্ণালংকার ছিনিয়ে নেন। একজন পথচারীর মোবাইল ফোনে ভিডিও ধারণও করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনায় বিমানবন্দর থানায় ২৯ আগস্ট মামলা হয় (মামলা নং-৪৬)। মামলায় আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে:
আন্দুর রউফ (৪০)
রিপন (২৭)
আল-আমিন শান্ত (২৭)
রুবেল (৩২)
পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্তসহ তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আরও জড়িত হিসেবে বিমানবন্দর থানা সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি রউফ ও সাংগঠনিক সম্পাদক রুবেলের নামও উল্লেখ রয়েছে।
পুলিশ বলছে, অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।