31/08/2026
উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা দেখতে সুন্দর, কিন্তু পথটা মোটেও সহজ না।
এই পথে নামার আগে কয়েকটা বাস্তবতা মেনে নেওয়ার মানসিক প্রস্তুতি থাকা দরকার।
আপনার বিক্রি হবে, আবার এমন সময়ও আসবে যখন বিক্রি একদম কমে যাবে। লাভ করবেন, আবার লোকসানও গুনতে হবে। যাদের নিয়ে টিম বানাবেন, তাদের কেউ কেউ মাঝপথে ছেড়ে যাবে। বিশ্বাস করে ঠকতে পারেন, ভুল সিদ্ধান্তে টাকা হারাতে পারেন। ক্যাশ ফ্লো আটকে যেতে পারে, কর্মচারীর বেতন, অফিস ভাড়া, সাপ্লায়ারের পাওনা সব একসাথে চাপ তৈরি করতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যবসার টাকা আর নিজের টাকা এক মনে করবেন না। লাভ দেখলেই পুরোটা খরচ করবেন না। জরুরি সময়ের জন্য রিজার্ভ রাখুন। হিসাব পরিষ্কার রাখুন। অতিরিক্ত ঋণ বা স্বল্পমেয়াদি টাকা নিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করার আগে বহুবার ভাবুন।
একজন মানুষ বা একটি সাপ্লায়ারের ওপর পুরো ব্যবসাকে নির্ভরশীল করবেন না। লিখিত চুক্তি ছাড়া বড় লেনদেন করবেন না। টিম তৈরি করুন, কিন্তু এমন সিস্টেমও তৈরি করুন যেন আপনি কয়েকদিন না থাকলেও প্রতিষ্ঠান চলতে পারে।
আর একটা বিষয় ব্যবসা ভালো চলার সময় নিজেকে সফল ভাবা সহজ। একজন উদ্যোক্তার আসল পরীক্ষা শুরু হয় ব্যবসা খারাপ চলার সময়। তখন মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া, ভুল স্বীকার করা, খরচ নিয়ন্ত্রণ করা এবং আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করাটাই সবচেয়ে বড় দক্ষতা।
উদ্যোক্তা হওয়ার আগে শুধু ভাববেন না, কত টাকা আয় করব?”
নিজেকে এটাও জিজ্ঞেস করুন
লোকসান, অনিশ্চয়তা, চাপ এবং ব্যর্থতার মধ্যেও আমি কি লেগে থাকতে পারব?
কারণ ব্যবসায় লাভের জন্য যেমন প্রস্তুতি লাগে, খারাপ সময় সামলানোর জন্য তার চেয়েও বেশি প্রস্তুতি লাগে।