08/03/2026
এখনকার যুদ্ধটা আসলে প্রথম বিশ্বযুদ্ধের মতো ছড়িয়ে পড়ছে—সেই আগের মতোই একেক দেশ একেকজনের সাথে জোট বাঁধছে, নেতাদের হাত থেকে পরিস্থিতি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে আর চোখের পলকে এক দেশ থেকে আরেক দেশে অশান্তি ছড়িয়ে পড়ছে। আবার ধ্বংসলীলার দিক দিয়ে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়ঙ্কর—পুরো দেশের সরকার বদলে দেওয়া, সাধারণ মানুষের ঘরবাড়ি-রাস্তাঘাট ধ্বংস করা আর সারা বিশ্বের অর্থনীতিতে ধস নামানোর একটা জেদ কাজ করছে এখানে।
এখনও যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়নি, তার পেছনে স্রেফ তিনটা কারণ আছে: পরমাণু বোমার ভয়, ইউক্রেন সামলাতে গিয়ে রাশিয়ার নাজেহাল অবস্থা আর চীনের মারামারি করার চেয়ে ব্যবসা-বাণিজ্য নিয়ে বেশি ব্যস্ত থাকা। কিন্তু এর কোনোটিই চিরস্থায়ী গ্যারান্টি না।
রয়টার্স খুব সোজাসাপ্টা একটা কথা বলেছে: "ইরান লড়াইয়ে অনেকটা একা ঠিকই, কিন্তু রাশিয়া বা চীন—কেউই তাকে হেরে যেতে দিতে পারবে না।" এই একটা প্যাঁচই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ভয়ের কারণ।