18/09/2026
এই দেশে আসলে চলছে টা কি....
ইঞ্জেকশন পুশ করার বিষয়টি যদি সত্য হয়ে থাকে, তাহলে শুধুমাত্র এই জঘন্য অপরাধের দ্বায় পুলিশের একার নয়, সমপরিমাণ দ্বায় এই সরকারের! পুলিশের এমন সাহস হয় কিভাবে? এই উত্তর সরকারকেই দিতে হবে!
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট। মামলা, গ্রেপ্তার, রিমান্ড। রিমান্ডে অজ্ঞাত ইনজেকশন ও নির্যাতন। এরপর শরীর অবশ।
গাজী সালাউদ্দিন তানভীর ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যে পোস্ট করেছিলেন, সেটি নিয়ে বিতর্ক হয়েছে। তিনি সেটি মুছেছেন, দুঃখ প্রকাশ করেছেন, এনসিপিও তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে।
কিন্তু ঘটনা সেখানেই শেষ হয়নি। একজন বিএনপি নেতার করা মামলায় তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করে বগুড়ায় নেওয়া হয়। পুলিশ সাত দিনের রিমান্ড চেয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গাজী সালাউদ্দিন তানভীরের অভিযোগ, রিমান্ডে তাঁর শরীরে অজ্ঞাত ইনজেকশন পুশ করা হয়েছিল এবং তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। পরবর্তীতে তাঁর শরীরের নিচের অংশ অবশ হয়ে যায়। তাঁর আইনজীবীর ভাষ্য অনুযায়ী, ১৫ আগস্ট তিনি স্ট্রোকও করেন। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে পড়ে যে শেষ পর্যন্ত কারাগার থেকে মুক্তি পেয়েই তাঁকে হাসপাতালে যেতে হয়।
কেউ অপরাধ করলে মামলা হবে। আদালতে বিচার হবে। অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি হবে। কিন্তু একজন মানুষকে রাষ্ট্রের হেফাজতে নেওয়ার পর তাঁর শরীরে অজ্ঞাত ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠবে, তাঁর শরীরের নিচের অংশ অবশ হয়ে যাবে, গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে যেতে হবে, আর আমরা এটাকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেব?
তাহলে পরিবর্তনটা কোথায়? রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে কথা বলে যারা ক্ষমতায় এসেছে, তাদের আমলেই যদি রাষ্ট্রীয় হেফাজত নিয়ে এমন ভয়াবহ অভিযোগ ওঠে, তাহলে প্রশ্ন উঠবেই। একটি ফেসবুক পোস্ট থেকে শুরু হওয়া ঘটনা যদি একজন মানুষকে রিমান্ড পেরিয়ে হাসপাতালের বেড পর্যন্ত নিয়ে যায়, তাহলে সেই ঘটনার পূর্ণ সত্য জানার অধিকার দেশের মানুষের আছে।
সরকারের কাছে পরিষ্কার জবাব থাকা দরকার। রিমান্ডে তাঁকে কী চিকিৎসা দেওয়া হয়েছিল? কোনো ইনজেকশন দেওয়া হয়ে থাকলে সেটি কী ছিল? কে দিয়েছিল? কেন দিয়েছিল? রিমান্ডের আগে তাঁর শারীরিক অবস্থা কী ছিল, পরে কী হয়েছিল? তাঁর সম্পূর্ণ মেডিকেল রেকর্ড কী বলছে?
আল্লাহ তায়ালা গাজী সালাউদ্দিন তানভীর ভাইকে দ্রুত সুস্থতা দান করুন। তিনি এই কঠিন সময় পেরিয়ে আবার সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরে আসুন। তাঁর জন্য আন্তরিক দোয়া রইল।
(এডমিন)