10/03/2026
মঙ্গলবার যা যা ঘটেছে:
#অপরিশোধিত তেল বর্তমানে ব্যারেল প্রতি প্রায় ৮৮ ডলারে লেনদেন হচ্ছে, যা সোমবারের ১১৯ ডলারের স্তরের তুলনায় অনেকটা নিচে। গত ২৪ ঘণ্টায় দাম কমলেও, যুদ্ধ শুরুর আগের তুলনায় তেলের দাম এখনো অনেক বেশি; তখন প্রতি ব্যারেল তেলের দাম ছিল প্রায় ৭২ ডলার।
#মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ক্ষেত্রে আজই হবে "সবচেয়ে তীব্রতম" দিন। আজ সেখানে সবচেয়ে বেশি যুদ্ধবিমান, বোমারু বিমান ও হামলা চালানো হবে।
#তেল সরবরাহের পুরনো একটি চুক্তিতে পাইপলাইনের মাধ্যমে মঙ্গলবার পাঁচ হাজার টন ডিজেল বাংলাদেশে পাঠাচ্ছে ভারত। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমানের বরাত দিয়ে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
#গত ২৪শে ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দু'জন ব্যক্তি ও দু'জন নারীকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তদন্ত কমিটির সুপারিশে তিন জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
#সোমবার কলকাতায় এসে শাসক-বিরোধী-সহ সব পার্টির সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে যে কোনো রকম সহিংসতার প্রতি 'জিরো টলারেন্স' নীতি নিয়ে চলবে কমিশন। অন্যদিকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ( এসআইআর) যাতে নির্ভুল হয় তার জন্য মঙ্গলবার ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
#বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, তাদের সেনাবাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।
#যুদ্ধ শুরুর পর থেকে ইরানে নিহত মানুষের সংখ্যা এক হাজার ৩৩২ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। সরকারের মুখপাত্র ফাতেমেহ মহাজেরানি বলেছেন, নিহতদের মধ্যে ২০৬ জন নারী ও শিশু রয়েছে।
#চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর (ছিন্নমূল/আলীনগর) এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, ২৭টি পাইপগান, এক হাজার ১১৩ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় ২২ জনকে আটক করা হয়। খবর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস-এর।
#দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে শুধুমাত্র ঢাকা মহনগরের রাইড শেয়ার মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ পাঁচ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
#ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ইরান যুদ্ধবিরতি চাইছে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, "আমরা অবশ্যই যুদ্ধবিরতি চাইছি না। কারণ আমরা মনে করি আগ্রাসনকারীকে এমনভাবে জবাব দিতে হবে যাতে সে শিক্ষা পায় এবং ভবিষ্যতে আর কখনো আমাদের প্রিয় ইরানে হামলার কথা না ভাবতে পারে।"
#মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের যুদ্ধ শুরুর পর থেকে দুই হাজার ৩৩৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ৯৫ জন এখনো চিকিৎসাধীন, যাদের অবস্থা অতিমাত্রায় সংকটজনক থেকে মৃদু পর্যন্ত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের শাসন ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
#ডোনাল্ড ট্রাম্প বলেন, বাড়তে থাকা জ্বালানি তেলের দাম মোকাবিলায় যুক্তরাষ্ট্র কিছু তেল-সম্পর্কিত নিষেধাজ্ঞা শিথিল করার কথা বিবেচনা করছে।
[সূত্র বিবিসি বাংলা]