13/02/2026
নুরুল ইসলাম নয়ন-এর সৌজন্য সাক্ষাৎ পরাজিত প্রার্থীর কার্যালয়ে
(ভোলা–৪ আসনে নির্বাচনের পর সম্প্রীতির বার্তা)
ভোলা চরফ্যাশন:
ভোলা–৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের নবনির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন শুক্রবার (বিকাল ৪:৩০টা) পরাজিত জামায়াত প্রার্থী মোস্তফা কামাল-এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তিনি বলেন, ২৪ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের সরাসরি ভোটে আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পেরেছি।তিনি আরও বলেন, “আমরা আগেও বলেছি, এখনও বলছি—যারা আমাদের সঙ্গে ছিলেন তারা যেমন নিরাপদ, যারা আমাদের সঙ্গে ছিলেন না তারাও সমানভাবে নিরাপদ।
বিরোধী দলের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে বিরোধী দল থাকা স্বাভাবিক। বিরোধী দল না থাকলে নির্বাচন পূর্ণতা পায় না।চরফ্যাশন ও মনপুরার উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলের উন্নয়ন একা সম্ভব নয়। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই।
আইন-শৃঙ্খলা প্রসঙ্গে নবনির্বাচিত এমপি হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের সঙ্গে কেউ অপরাধ করলে বা সন্ত্রাস ও মাদকের সঙ্গে জড়িত থাকলে তাদের আইনের হাতে সোপর্দ করা হবে।
তিনি আরও যোগ করেন, নির্বাচনের আগে বিরোধী দল আমাদের নিয়ে নানা কথা বলেছে—তা নির্বাচনের মাঠেই ছিল। কিন্তু কেউ যদি এসব বিষয়কে পুঁজি করে অপরাধ করে, তার শাস্তি হবে এবং প্রয়োজনে দল থেকেও বহিষ্কার করা হবে।
গত ১৬ বছরে সুষ্ঠু নির্বাচন না হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, অনেক বছর জনগণ নিজের ভোট নিজে দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে। এবার একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। এজন্য চরফ্যাশন–মনপুরার জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সৌজন্য সাক্ষাৎ শেষে পরাজিত জামায়াত প্রার্থী মোস্তফা কামাল নবনির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন-কে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় উভয় নেতা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং ভোলা–৪ (চরফ্যাশন–মনপুরা) এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। রাজনৈতিক ভিন্নমত থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পারস্পরিক সম্মান ও সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।