16/05/2026
আজ ১৬ই মে ২০২৬ বেলা পৌনে এগারোটায় আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয় আল-মারকাযুল ইসলামী আস-সালাফীতে মুহতারাম আমীরে জামাআত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামাআতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সংগঠনটির চারজন সংসদ সদস্য—অধ্যাপক মুজীবুর রহমান, রফিকুল ইসলাম, নূরুল ইসলাম বুলবুল ও কেরামত আলী প্রমুখ।
সৌজন্য বৈঠকে ডা. শফিকুর রহমান সমাজ সংস্কার, বিশুদ্ধ ইসলামী দাওয়াত ও আদর্শিক নেতৃত্বে মুহতারাম আমীরে জামাআতের দীর্ঘদিনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ২০০৫ সালে অন্যায়ভাবে আমীরে জামাআতের কারাভোগের প্রসঙ্গ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। তিনি সে সময় এ ব্যাপারে যথাযথ প্রতিকারমূলক ভূমিকা গ্রহণ করতে না পারাকে তাদের “সাংগঠনিক ব্যর্থতা” হিসেবে উল্লেখ করেন এবং বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
তিনি দেশের একজন প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব ও মুরব্বী হিসেবে প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের নিকট দোআ, দিকনির্দেশনা ও পরামর্শ কামনা করেন। পাশাপাশি তিনি অনুরোধ করেন যে, বাংলাদেশ জামাআতে ইসলামীর কোনো বিচ্যুতি বা ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তিনি যেন তা দ্বিধাহীনভাবে সংশোধন করে দেন।
এসময় মুহতারাম আমীরে জামাআত ডা. শফিকুর রহমানকে “জেলখানার তোহফা” হিসেবে তাঁর রচিত কয়েকটি গ্রন্থ উপহার প্রদান করেন। তিনি মতবিনিময় কালে স্পষ্টভাবে উল্লেখ করেন যে, গণতান্ত্রিক তাগুতী ব্যবস্থার মাধ্যমে কখনই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তবে দেশকে ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থার পথে পরিচালনার লক্ষ্যে যে কোনো কল্যাণকর উদ্যোগে তিনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. আব্দুল হালীম, যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী, সোনামণি পরিচালক রবীউল ইসলাম, মারকাযের ভাইস প্রিন্সিপ্রাল ড. নূরুল ইসলাম প্রমুখ।
Rajveer Hossain