31/07/2026
যাত্রীবাহী ট্রেন রেখে উধাও চালক
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে যাত্রীবাহী সাগরদাঁড়ি এক্সপ্রেস দাঁড় করিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান ট্রেনের চালক। এতে প্রায় এক ঘণ্টা ১০ মিনিট স্টেশনে আটকে থাকে খুলনা থেকে রাজশাহীগামী ট্রেনটি।
দীর্ঘ অপেক্ষায় চরম ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী। পরে চালক ফিরে এলে ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় মোবারকগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় বিলম্বে ট্রেন ছাড়ায় ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে স্টেশন মাস্টার ও সংশ্লিষ্ট কর্মচারীরা সেখান থেকে সরে যান বলে জানা গেছে।