03/07/2026
চুয়াডাঙ্গায় জুয়া খেলার দায়ে ৫ জনের জরিমানা ও কারাদণ্ড।
চুয়াডাঙ্গায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে পাঁচজনকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৬) চুয়াডাঙ্গা সদর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার শেষে এই রায় ঘোষণা করেন।
ঘটনার বিবরণ:
এর আগে বুধবার (২ জুলাই) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সদরের সিন্দুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরীয়তুল্লাহ্ সঙ্গীয় ফোর্সসহ মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সিন্দুরিয়া এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে ওই পাঁচজনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:
১. আলমগীর হোসেন (৩৪) - পিতা: ঠান্ডু মন্ডল, গ্রাম: মর্তুজাপুর, চুয়াডাঙ্গা।
২. শহিদুল ইসলাম (৪৭) - পিতা: মৃত ইয়াকুব্বার মন্ডল, গ্রাম: মর্তুজাপুর, চুয়াডাঙ্গা।
৩. জসিম উদ্দিন (৩৫) - পিতা: কালাচাঁন মন্ডল, গ্রাম: মর্তুজাপুর, চুয়াডাঙ্গা।
৪. নাজমুল হক (৪৫) - পিতা: মুরাদ আলী, গ্রাম: বুরা, ঝিনাইদহ।
৫. লোকমান হোসেন (৫২) - পিতা: মৃত কেসমত মন্ডল, গ্রাম: হিঙ্গেরপাড়া, ঝিনাইদহ।
আদালতের রায়:
আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬’-এর ১৫/১৯ ধারায় প্রত্যেককে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল, যা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।