07/10/2025
কোরআন ভাবনা:
রাব্বে কারীম অনেক সময় অনেক বান্দাকেও হেদায়াত দিয়ে দেন। এমন অনেক ঘটনা আছে, কুরআন কারীমের ভুল বের করার নিয়তে কুরআন নিয়ে বসেছে। দুয়েক আয়াত পড়েই হেদায়াত ও বুঝ পেয়ে গেছে। জাহান্নাম থেকে জান্নাত নিয়ে ফিরে গেছে।
কুরআন কারীম নিয়মিত পড়া হয়, কুরআন কারীম বোঝার জন্যে মেহনতও করা হয়, কিন্তু কুরআন কারীমের আলো কলবে প্রবেশ করে না! দেখা যায়, বিরাট বড় কুরআন গবেষক, কিন্তু নিজের মধ্যে নূনতম সুন্নাত নেই। কুফরের সাথে আপোষ! ত্বাগুতের সাথে আপোষ! এর কারণ কি? উত্তরটা আল্লামা ইবনে কুদামা রহ.-এর একটা উক্তির নির্যাসে পাওয়া যায়:
—কুরআন কারীমের আলো অন্তরে না আসার কারণ হল:
ক. কুরআন কারীম নিয়ে মেহনত করে, পাশাপাশি নানাবিধ গুনাহেও লিপ্ত থাকে।
খ. কিবর-অহংকার আর অহমিকা নিয়ে কুরআন পড়তে বসে।
গ. ধর্মকর্ম পালনের পাশাপাশি, দুনিয়ার রূপগন্ধও ইচ্ছামত গ্রহণ করে।
ঘ. কোরআনের পবিত্রতা রক্ষা করে না এবং মুহাব্বত নিয়ে পড়ে না।
অথচ কুরআন কারীম হল ধনভাণ্ডারের মত। কাউকে বিশাল এক ধনভান্ডারের চাবি দিয়ে যদি বলা হয়, তোমার যত ইচ্ছা দু'হাত ভরে হীরাজহরত-মণিমুক্তা নিয়ে নাও! মানুষটা হাতে তো নিবে নিবে কসরত করে গিলেও কিছু মুক্তা নিয়ে আসতে চাইবে। তার আঁশ না মেটা পর্যন্ত ধনভাণ্ডার ছেড়ে একচুলও নড়তে চাইবে না।
কুরআন কারীম ইলমের মণি-মুক্তায় ভরপুর। তবুও কুরআন নিয়ে বসতে মন চায় না। বসলেও কখন উঠব তার জন্যে ঘন ঘন ঘড়ির দিকে চোখ যায়। নানাবিধ গুরুত্বপূর্ণ কাজের কথা মনে পড়ে যায়। অথচ হওয়ার কথা ছিল উল্টোটা!
বাবা-মা, বিবি-বাচ্চার প্রতি আমার কেমন দরদ, সেটা মাপা যায়। তার গভীরতা অনুমান করা যায়। আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে, যাপিত জীবন দিয়ে। আল্লাহর প্রতি আমার ভালবাসা কতটা গভীর, সেটাও মাপা যায়। কুরআন কারীমের প্রতি আমার ভালবাসা কতটা গভীর, সেটা দিয়ে।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কোরআনের গুরুত্ব ও মুহাব্বত বুঝার তাওিফক দান করুন।
আমিন ইয়া রব।
বাদুরতলী আসমানিয়া মডেল মাদ্রাসা
#ইসলামিশিক্ষা #শিশুশিক্ষা #বাদুরতলী_আসমানিয়া_মডেল_মাদ্রাসা