05/06/2026
কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, অভিযুক্ত ঘনিষ্ঠ বন্ধু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে তার সঙ্গে একই এলাকার সাব্বির হোসেনের দ্বন্দ্ব চলছিল। ঘটনার সময় দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আনোয়ারকে ছুরিকাঘাত করা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, ঘটনাটি পরিকল্পিত হামলার ফল। তারা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।