12/08/2026
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা নারী ধরা পড়েছেন। চেহারা পাহাড়িদের মতো এবং নাম বাঙালি মুসলিম হওয়ার কারণে সন্দেহ হলে দায়িত্বরত আনসার সদস্যের জেরার মুখে পড়ে আসল পরিচয় বেরিয়ে আসে।
পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, ওই নারী 'সানজিলা আক্তার' নামে পাসপোর্ট করার জন্য আবেদন জমা দিতে আসেন। তার শারীরিক গঠন ও চেহারা পাহাড়ি জনগোষ্ঠীর মতো হলেও নাম বাঙালি মুসলমানদের মতো হওয়ায় কর্তব্যরত এক আনসার সদস্যের সন্দেহ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী নিজেকে বাঙালি দাবি করেন।
সন্দেহ দূর করতে আনসার সদস্য তাকে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনের জন্য নিয়ে যান। সেখানে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে তার আঙ্গুলের ছাপ দেওয়ার পরপরই ভেসে ওঠে তার আসল পরিচয়। ডাটাবেজের তথ্য অনুযায়ী, তিনি পাহাড়ি বা বাঙালি নন, বরং একজন রোহিঙ্গা।
তার প্রকৃত নাম সেতারা, এবং পিতার নাম জাহাঙ্গীর। ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়।
অভিযান পরিচালনাকারী দলের একজন আনসার সদস্য বিস্ময় প্রকাশ করে বলেন, "চেহারা দেখে মনে হয়েছিল তিনি পাহাড়ি সম্প্রদায়ের। কিন্তু ফিঙ্গারপ্রিন্টে দেখা গেল রোহিঙ্গা। জীবনে প্রথম কোনো রোহিঙ্গা দেখলাম, দেখতে মাশাল্লাহ সুন্দরী।"