18/08/2026
SOP আসলে কী? SOP কেন এত গুরুত্বপূর্ণ?
আমাদের এই জীবনটা কেমন যেন একটা ছন্দহীন কবিতার মতো। হুটহাট কারেন্ট চলে যাওয়া, রিকশার জ্যাম, কিংবা অফিসের ডেস্কে বসে ফাইলের পর ফাইল উল্টানো—সব মিলিয়ে একটা অদ্ভুত বিশৃঙ্খলা।
কিন্তু একটু গভীরভাবে খেয়াল করলে দেখবেন, এই বিশৃঙ্খলার মাঝেই আমরা ছোট ছোট কিছু নিয়মের সুতোয় নিজেদের জড়িয়ে রাখি। অফিসের সেই পুরানো পিওন থেকে শুরু করে মাল্টিন্যাশনাল কোম্পানির উমেদার—সবাই আসলে একটা ঘোরে চলছে।
এই ঘোর কাটানোর বা জীবনটাকে একটু গোছানোর জাদুকরী চাবিটার নামই হলো SOP বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর।
অনেকেই হয়তো ভাবেন, SOP বুঝি কেবল বড় বড় কর্পোরেট অফিসের কাঁচঘেরা ঘরের মারপ্যাঁচ। কিন্তু বিশ্বাস করুন, এর পরিধি তার চেয়ে অনেক অনেক গভীর।
SOP আসলে কী?
SOP এর পূর্ণরূপ — Standard Operating Procedure।
সহজ বাংলায় বললে—
একটি কাজ কীভাবে নিয়ম মেনে বারবার করতে হবে, তার লিখিত পদ্ধতি।
বিষয়টা শুনতে খুব অফিসিয়াল মনে হতে পারে।
কিন্তু বাস্তবে SOP খুব সাধারণ একটা জিনিস।
ধরুন আপনার একটি অনলাইন কেকের ব্যবসা আছে।
একজন কাস্টমার কেকের অর্ডার দিলেন।
এখন কী হবে?
কাস্টমারের নাম নেওয়া হবে।
ফোন নম্বর নেওয়া হবে।
কেকের ডিজাইন নেওয়া হবে।
ফ্লেভার নিশ্চিত করা হবে।
ডেলিভারি তারিখ নেওয়া হবে।
অ্যাডভান্স পেমেন্ট নেওয়া হবে।
অর্ডারটি একটি নির্দিষ্ট জায়গায় লেখা হবে।
তারপর কেক তৈরির দায়িত্ব যাবে নির্দিষ্ট ব্যক্তির কাছে।
কেক তৈরি হওয়ার পর ছবি তোলা হবে।
প্যাকেজিং হবে।
ডেলিভারির আগে আবার কাস্টমারের সঙ্গে যোগাযোগ হবে।
শেষে অর্ডার সম্পন্ন হিসেবে মার্ক করা হবে।
এই পুরো প্রক্রিয়াটি যদি আপনার মাথার মধ্যে থাকে, তাহলে সেটা আপনার অভিজ্ঞতা।
আর যদি লিখে রাখা থাকে, তাহলে সেটা একটি SOP
SOP কেন এত গুরুত্বপূর্ণ?
কারণ মানুষ সবসময় একইভাবে কাজ করতে পারে না।
আজ আপনি খুব মনোযোগ দিয়ে কাজ করলেন।
কাল হয়তো অনেক অর্ডার এলো।
পরশু হয়তো আপনার শরীর খারাপ।
আরেকদিন নতুন একজন কর্মী কাজে যোগ দিল।
যদি পুরো ব্যবসা আপনার মাথার ভেতর থাকে, তাহলে প্রতিদিন ফলাফল বদলাবে। কিন্তু কাজের নিয়ম যদি লিখে রাখা থাকে, তাহলে মানুষ বদলালেও কাজের মান ধরে রাখা সহজ হয়। এটাই SOP এর শক্তি।
একটা ছোট উদাহরণ দিই।
ধরুন আপনি একটি পোশাকের ব্যবসা করেন।
আপনার একজন কর্মী কাস্টমারের মেসেজের উত্তর দেয়।
কিন্তু তাকে আপনি কোনো নিয়ম দেননি।
সে একদিন লিখল—
আপু, কোন কালারটা নিবেন?
আরেকদিন লিখল—
জি, এইটা আছে।
আরেকদিন কাস্টমারকে উত্তর দিল তিন ঘণ্টা পরে।
এখন সমস্যা কর্মীর নয়।
সমস্যা হলো — ব্যবসার কোনো communication SOP নেই।
আপনি যদি লিখে দেন—
কাস্টমারের মেসেজ সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে দেখা হবে।
প্রথমে কাস্টমারের প্রয়োজন বুঝতে হবে।
তারপর সাইজ, কালার এবং স্টক নিশ্চিত করতে হবে।
তারপর মূল্য ও ডেলিভারি চার্জ জানাতে হবে।
অর্ডার কনফার্ম হলে নির্দিষ্ট ফরম্যাটে তথ্য নিতে হবে।
তাহলে কর্মীকে প্রতিদিন নতুন করে সিদ্ধান্ত নিতে হবে না।
সে একটি সিস্টেম অনুসরণ করবে।
আর সিস্টেমের ওপর দাঁড়ানো ব্যবসাই একসময় মানুষের মনে ব্র্যান্ড হয়ে জায়গা করে নেয়।
উদ্যোক্তা কীভাবে SOP বানাবে?
এখানে একটা সহজ নিয়ম মনে রাখতে পারেন।
যে কাজ আপনি বারবার করেন, সেটাই SOP বানানোর মতো কাজ।
প্রথমে আপনার ব্যবসার পুনরাবৃত্ত কাজগুলো লিখে ফেলুন।
যেমন—
১. নতুন কাস্টমারের সঙ্গে কথা বলা
২. অর্ডার নেওয়া
৩. পেমেন্ট নিশ্চিত করা
৪. পণ্য প্রস্তুত করা
৫. প্যাকেজিং করা
৬. ডেলিভারি দেওয়া
৭. অভিযোগ সামলানো
৮. কাস্টমারকে Follow up করা
৯. ফেসবুক পোস্ট তৈরি করা
১০. বিজ্ঞাপন চালু ও পর্যবেক্ষণ করা
এরপর প্রতিটি কাজের জন্য লিখুন—
কাজটি কীভাবে হবে?
কে করবে?
কখন করবে?
কোন তথ্য লাগবে?
কাজ শেষ হয়েছে কীভাবে বুঝব?
এই পাঁচটি প্রশ্নের উত্তর আপনার ব্যবসার অনেক SOP তৈরি করে দিতে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় — SOP আপনাকে ছোট করে না
অনেক উদ্যোক্তা মনে করেন—
সবকিছু যদি নিয়মে বেঁধে ফেলি, তাহলে আমার ব্যবসার creativity নষ্ট হয়ে যাবে। বিষয়টি আসলে উল্টো। SOP আপনাকে creative হওয়ার সময় দেয়।
ধরুন প্রতিদিন আপনাকেই কাস্টমারের সাধারণ প্রশ্নের উত্তর দিতে হচ্ছে—
ডেলিভারি কত?
কত দিনে পাব?
পেমেন্ট কীভাবে করব?
এই পণ্যটি আছে?
এগুলো যদি বারবার আপনাকেই করতে হয়, তাহলে আপনার গুরুত্বপূর্ণ কাজের সময় কোথায়?
কিন্তু এগুলোর একটি পরিষ্কার SOP এবং response system থাকলে আপনি সময় দিতে পারবেন নতুন পণ্য, marketing, branding এবং business growth নিয়ে ভাবতে।
আপনার ব্যবসায় এমন কোন একটি কাজ আছে, যেটা আপনি ছাড়া আর কেউ ঠিকভাবে করতে পারে না?