13/06/2026
না খেয়েই থাক আরও কিছু দিন
অসীম কুমার মণ্ডল
ওদিকে নিয়ন আলোয় ঝলমলিয়ে উঠেছে
রাজপ্রাসাদ।
রাজভোগের অপেক্ষায় কতিপয় দেবগণ।
এদিকে শত শত মানুষের ঘাম আর ক্লান্তিতে
শরীরজুড়ে নিঃশব্দ ক্রন্দন।
ওরা খাবার তৈরি করে চলেছে;
অথচ বাঁচার জন্য দুমুঠো খাবার পাচ্ছে না!
খাস না, না খেয়ে থাক আরও কিছু দিন,
আরও কিছু কাল!
খেয়েই বা কী করেছিস এত দিনে?
আরও একটু ক্ষুধা লাগতে দে!
ক্ষুধার আগুন জ্বলে উঠুক শরীরের শিরা-উপশিরায়,
মস্তিষ্কের নিউরন থেকে নিউরনে।
তাতেও যদি জাগরণের চেতনা হয় তোদের;
যদি দু-হাত মুষ্টিবদ্ধ হয় দাসত্বের বিরুদ্ধে!
যদি দেবতার বুকে কুঠার মেরে ভাঙতে পারিস
রাজা হীরকের শাসন।
প্রাণে প্রাণে আগুন জ্বলতে দে!
সে আগুনে আত্মাহুতি দিক কিছু;
তবু যদি হয় শুভবুদ্ধির উদয়,
মরতে মরতেও যদি শিখিস মারতে!
যদি অর্জন করতে শিখিস নিজ অধিকার!
আর কতকাল থাকবি দেবতার পদতলে?
এবার না হয় ক্ষুধার আগুনেই মর!
তবুও যদি হয় শোষণের মুক্তি...!
খেয়েই বা কী করেছিস এত দিনে?