24/04/2026
ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ দাকোপের পানখালী ফেরিঘাটে
খুলনার দাকোপ উপজেলার পানখালী ফেরিঘাট এলাকায় ভুয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে এক মিষ্টির দোকান থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রাজিব শেখ দাকোপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পানখালী ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের বাসিন্দা রাজিব শেখের পানখালী ফেরিঘাট সংলগ্ন একটি মিষ্টির দোকান রয়েছে। গত ২২ এপ্রিল ২০২৬, বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞাত পরিচয়ের তিন ব্যক্তি দোকানে প্রবেশ করে। সে সময় দোকানে উপস্থিত ছিলেন রাজিব শেখের পিতা কামাল শেখ।
অভিযোগে বলা হয়, ওই তিন ব্যক্তি নিজেদের সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দোকানের পরিবেশ অপরিচ্ছন্ন বলে অভিযোগ তোলে এবং ২০ হাজার টাকা জরিমানা দাবি করে। পরে ভয়ভীতি প্রদর্শন করে তারা কামাল শেখের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা আদায় করে দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার সময় রাজিব শেখ দোকানে উপস্থিত না থাকলেও পরে তার পিতার কাছ থেকে বিষয়টি জানতে পারেন। তিনি জানান, দোকানের সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের উপস্থিতি ধরা পড়েছে।
রাজিব শেখ অভিযোগে উল্লেখ করেন, ভিডিও ফুটেজ দেখে তিনি অভিযুক্তদের সনাক্ত করতে পেরেছেন। তারা হলেন- তানভীর তপন (সাবেক যুবলীগ কর্মী), পিতা: এস এম নাসির উদ্দীন, ঠিকানা: আলমনগর মোড়, খালিশপুর, খুলনা; জাহাঙ্গীর শিকদার, পিতা: বাদশা শিকদার, ঠিকানা: আলি ভবন, ট্রাফিক মোড়, দৌলতপুর, খুলনা; এবং এনামুল হক, পিতা অজ্ঞাত, ঠিকানা: রনি ভিলা, দৌলতপুর, খুলনা।
এ ঘটনায় স্থানীয়দের অনেকেই সাক্ষী রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী আশা প্রকাশ করেন, তদন্তে ঘটনার সত্যতা উদঘাটিত হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন রাজিব শেখ।
ঘটনাটি এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।