05/02/2026
পুকুরপাড়ে বটগাছের ছায়ায় বসে আছি। হঠাৎ ঝপ করে শব্দ হলে পুকুরের পানিতে তাকিয়ে দেখি—
একটা পাখি সপাটে পানিতে পড়েছে।
পড়ামাত্রই প্রাণপণে উড়তে চাইছে। ভিজে একাকার ভারী ডানা কিছুতেই পালক মেলতে রাজি নয়। কোনো দুষ্ট কিশোরের গুলতির পাথরের আঘাতেই আধমরা অবস্থা পাখিটার। তার কষ্ট দেখে মায়া হলো।
তবে সে ডুবে যায়নি।
নিরন্তর উড়বার চেষ্টায় টিকে আছে; ডানা ঝাপটাতে ঝাপটাতে পুকুরের পাড় বরাবর এগিয়ে আসার চেষ্টা করছে।
পকেটে থাকা মোবাইলটা বের করলে ভিডিও করা যেতো—ভালো ভিউ আসত।
কিন্তু নজর সরালেই মনে হয় ডুবে যাবে—এই ভয়ে বের করার তাগিদ পেলাম না। দৃষ্টি আরও নিবিষ্ট করে পাখিটার সংগ্রাম দেখতে লাগলাম।
অনেক কষ্টে পাড়ে উঠে আসতেই বললাম,
“খুব কষ্ট করলে। জীবন আসলে এমনই। সংগ্রাম করেই টিকে থাকতে হয়। এটাও একধরনের অর্জন। তোমার অনুভূতি কেমন?”
পাখিটা ডানা ঝাপটে পানি ঝরাতে ঝরাতে বলল,
“দূরে গিয়া মর, বাইঞ্চো*!”
— মোঃ ওয়ালীউল্লাহ অলি