28/02/2026
নরসুন্দাকে বাঁচান, এটা আমাদের প্রাণের আকুতি….
নরসুন্দা নদীর প্রাণ ফেরানোর দাবি বহুদিনের। কিশেরগঞ্জের আপমর জনতা এই দাবি জানিয়ে আসছেন, বছরের পর বছর ধরে। মনে পরে, প্রায় ১৮/১৯ বছর আগে নরসুন্দাকে বাাঁচানোর দাবি জানিয়ে শহরবাসীর সাথে আমিও যুক্ত হয়েছিলাম। আমরা মিছিল করেছি, মানববন্ধন করেছি, সমাবেশ করেছি। আমাদের আশা ছিল নরসুন্দায় প্রাণের সঞ্চার হবে। কিন্তু আমাদের আশা ভুল প্রামণিত হলো। তবু আমরা থেমে না থেকে অব্যাহতভাবে আমাদের দাবি জানিয়ে যাচ্ছি। গত কয়েক বছরে আমাদের নদী বিষয়ক পত্রিকা রিভার বাংলার উদ্যোগে কিশোরগঞ্জ শহরে পদযাত্রা, সমাবেশ, সেমিনার, মানববন্ধন আয়োজন করেছি। সবশেষ গত বছর ১৪ মার্চ ২০২৫ তারিখে রমজান মাসে ‘আমার নাম নরসুন্দা-আমি বাঁচতে চাই’ শিরোনামে মানববন্ধন করেছি। এতে কিশোরগঞ্জ শহরের বিশিষ্টজনেরা উপস্থিত হয়ে নরসুন্দাকে বাঁচানোর দাবি জানান। কিন্তু সরকার ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় আমাদের এসব দাবিকে উপেক্ষা করে খোদ নদী পাড়ের বাসিন্দাদের কেউ কেউ নরসুন্দা হত্যার উৎসবে ব্যাপকভাবে সামিল হচ্ছেন। অতি সম্প্রতি ফেসবুকে প্রচারিত কিছু ছবি অন্তত তাই বলছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে আইন, সরকার এবং স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কতিপয় ব্যক্তি নদী দখলে মেতে উঠেছেন, আইন অমান্য করে নদীর ভেতরে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন।
আমি সরকারের কাছে আহবান জানাবো প্লিজ অতি দ্রুত দখলদারদের বিরুদ্ধে অ্যাকশন নিন। জাতীয় নদী রক্ষা কমিশন, কিশোরগঞ্জ জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি প্লিজ আপনারা এগিয়ে আসুন। নরসুন্দাকে বাঁচান। এটা আমাদের প্রাণের আকুতি।
ফয়সাল আহমেদ, সম্পাদক- রিভার বাংলা
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ঢাকা