26/08/2026
থিসিস গবেষণায় অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে A F Mujibur Rahman Foundation Gold Medal অর্জন করেছেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবাদুর রহমান।
গতকাল(মঙ্গলবার) অনুষ্ঠিত The 6th A F Mujibur Rahman Foundation Gold Medal Awards for Excellence in Mathematics অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে M.S. (Thesis) ডিগ্রিতে ব্যাচে First Class First হওয়ার পাশাপাশি ৩.৯৬ সিজিপিএ (with Distinction) অর্জনের জন্য তিনি এ স্বীকৃতি লাভ করেন। তাঁর গবেষণার ক্ষেত্র ছিল Fluid Dynamics। তাঁর থিসিসের শিরোনাম “Numerical Simulation of Blood Flow through an Arterial Stenosis Incorporate to a Bypass Artery over the Stenosed Zone” . ।
থিসিস গবেষণায় তাঁর তত্ত্বাবধায়ক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন। এছাড়া কো-সুপারভাইজার ও অন্যান্য শিক্ষকদের দিকনির্দেশনা, অনুপ্রেরণা ও সহযোগিতা তাঁর গবেষণাকর্ম ও ডিগ্রি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান এবাদুর রহমান।
তবে এ অর্জন তাঁর একাডেমিক জীবনের প্রথম বড় স্বীকৃতি নয়। এর আগে বি.এসসি. (অনার্স)-এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন। পরবর্তী সময়ে ২০২৩ সালে বি.এসসি. (অনার্স)-এর জন্য A F Mujibur Rahman Foundation Gold Medal-সহ বিভিন্ন বৃত্তি অর্জন করেন।
নিজের এবারের অর্জনের অনুভূতি জানিয়ে এবাদুর রহমান মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তাঁর থিসিস তত্ত্বাবধায়ক, সহ-তত্ত্বাবধায়ক ও শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের দিকনির্দেশনা, অনুপ্রেরণা ও সহযোগিতা তাঁর এই ডিগ্রি অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।
নিজের শিক্ষাজীবনের শুরুর দিকের কথা স্মরণ করে তিনি বলেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে গণিত বিভাগে ভর্তি হওয়ার পর বিভিন্ন জটিলতার কারণে প্রথম বর্ষে তাঁর ফলাফল আশানুরূপ ছিল না। প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে তাঁর সিজিপিএ ছিল যথাক্রমে ৩.১৬ ও ৩.৫৪। তবে ২০১৮ সালের শুরুর দিকে অনুষ্ঠিত একটি গোল্ড মেডেল প্রদান অনুষ্ঠান তাঁকে নতুন করে অনুপ্রাণিত করে। সেই অনুপ্রেরণাই পরবর্তী সময়ে তাঁকে আরও ভালো করার জন্য এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল বলে জানান তিনি।
এবাদুর রহমানের ভাষায়, সেই অনুপ্রেরণার ধারাবাহিকতায় ২০২২ সালে ডিনস অ্যাওয়ার্ড, ২০২৩ সালে বি.এসসি. (অনার্স)-এর জন্য গোল্ড মেডেল, বিভিন্ন বৃত্তি এবং সর্বশেষ এম.এস. (থিসিস)-এর জন্য গোল্ড মেডেল অর্জন তাঁর জীবনের এক অনন্য অনুভূতি।
এ সম্মাননার জন্য তিনি A F Mujibur Rahman Foundation-এর প্রতি আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁর বাবা-মা, পরিবার, শিক্ষক এবং পথচলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সকলের প্রতিও কৃতজ্ঞতা জানান।
থিসিস গবেষণায় এই স্বীকৃতি তাঁর একাডেমিক ও গবেষণামূলক পথচলায় নতুন অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাঁর এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ গবেষকদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।