19/09/2026
কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াতের উদ্যোগে ৬ শতাধিক বন্যা দুর্গত পরিবারে ত্রাণ বিতরণ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বন্যা প্লাবিত ফিলিপনগর, রামকৃষ্ণপুর ও চিলমারী এলাকার অসহায় ও বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী চরাঞ্চলের বিভিন্ন প্লাবিত এলাকায় নৌকায় ঘুরে ঘুরে প্রায় ৬০০ বন্যা দুর্গত পরিবারের দ্বারে দ্বারে এসব খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ বেলাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা। প্রধান অতিথির বক্তব্যে মুফতি আমীর হামজা বলেন, "যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব। পানিবন্দী মানুষের এই কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদেরও এ সময়ে দুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।"
জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাজহার মাহবুব এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হক।
এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী খায়রুল ইসলাম রবিন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আরজ উল্লাহ, ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ খাজা আহমেদ, রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আক্তারুজ্জামান, চিলমারী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল ওয়াহীদ সহ স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।