14/06/2026
পরিত্যক্ত সুন্নাহ কী —
পরিত্যক্ত সুন্নাহ বলতে রাসূলুল্লাহ ﷺ-এর এমন কথা, কাজ বা অনুমোদিত আমলকে বোঝায়, যা একসময় মুসলিম সমাজে প্রচলিত ছিল; কিন্তু সময়ের প্রবাহে মানুষ তা অবহেলা করতে করতে প্রায় ভুলে গেছে বা ছেড়ে দিয়েছে। যদিও এসব সুন্নাহ শরীয়তের অংশ এবং আল্লাহর রাসূল ﷺ-এর আদর্শ জীবনের গুরুত্বপূর্ণ নিদর্শন, তবুও অজ্ঞতা, গাফলতি কিংবা সমাজের প্রচলিত রীতিনীতির প্রভাবে অনেক সুন্নাহ আজ পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
ইসলাম শুধু পরিত্যক্ত সুন্নাহ সম্পর্কে সচেতন করেই ক্ষান্ত হয়নি; বরং এগুলোকে পুনর্জীবিত করার জন্য বিশেষ উৎসাহ প্রদান করেছে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন
مَنْ أَحْيَا سُنَّةً مِنْ سُنَّتِي قَدْ أُمِيتَتْ بَعْدِي، فَإِنَّ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلَ أُجُورِ مَنْ عَمِلَ بِهَا، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا
“যে ব্যক্তি আমার কোনো সুন্নাহকে জীবিত করবে, যা আমার পরে মানুষ পরিত্যাগ করেছে, সে তা অনুসরণকারী সকলের সমপরিমাণ সওয়াব পাবে; অথচ তাদের সওয়াবের কোনো ঘাটতি হবে না।” (তিরমিযী,হা২৬৭৭)
তাই পরিত্যক্ত সুন্নাহকে জীবিত করা শুধু একটি নফল আমল নয়; বরং এটি নবী ﷺ-এর প্রতি ভালোবাসার প্রকাশ, দ্বীনের সংরক্ষণ এবং সমাজে কল্যাণ ছড়িয়ে দেওয়ার একটি মহান মাধ্যম। একজন মুসলিম যখন নিজের জীবনে কোনো ভুলে যাওয়া সুন্নাহ প্রতিষ্ঠা করে এবং অন্যদেরও সে দিকে আহ্বান করে, তখন সে নববী আদর্শকে পুনরুজ্জীবিত করার সৌভাগ্য অর্জন করে এবং আল্লাহর নিকট বিশেষ মর্যাদার অধিকারী হয়।
নিম্নে কতিপয় পরিত্যক্ত সুন্নাহ তুলে ধরা হলো—
১. খালি পায়ে হাঁটা (মাঝেমধ্যে)
كُنَّا مَعَ النَّبِيِّ ﷺ وَإِنَّا لَنَمْشِي حُفَاةً
সাহাবীগণ কখনো কখনো রাসূল ﷺ-এর সাথে খালি পায়ে চলাফেরা করতেন। আবূ দাউদ, হাদীস ৪১৬০
২. তিন আঙুল দিয়ে খাবার খাওয়া
كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَأْكُلُ بِثَلَاثِ أَصَابِعَ
রাসূলুল্লাহ ﷺ তিন আঙুল দিয়ে খাবার খেতেন। মুসলিম, হাদীস ২০৩২
৩. ঘুম থেকে উঠে মুখ মুছে নেওয়া
فَاسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ ﷺ فَجَعَلَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدِهِ
রাসূল ﷺ ঘুম থেকে জেগে নিজের হাত দিয়ে মুখের ঘুমের চিহ্ন মুছতেন। বুখারী, হাদীস ১৮৩
৪. গুনাহের পর দুই রাকাত সালাত (সালাতুত তাওবা)
مَا مِنْ رَجُلٍ يُذْنِبُ ذَنْبًا ثُمَّ يَقُومُ فَيَتَطَهَّرُ ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ...
কোনো ব্যক্তি গুনাহ করে, তারপর অজু করে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করেন। আবূ দাউদ, হাদীস ১৫২১; তিরমিযী, হাদীস ৪০৬
৫. রাতে পাত্র ঢেকে রাখা
غَطُّوا الْإِنَاءَ وَأَوْكُوا السِّقَاء
পাত্র ঢেকে রাখো এবং পানির মশক বেঁধে রাখো। মুসলিম, হাদীস ২০১৪
৬. মিসওয়াক করা
لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ
আমার উম্মতের জন্য কষ্টকর না হলে আমি তাদের প্রত্যেক সালাতের সময় মিসওয়াকের নির্দেশ দিতাম। বুখারী, হাদীস ৮৮৭; মুসলিম, হাদীস ২৫২
৭. প্রবেশের আগে তিনবার অনুমতি চাওয়া
الِاسْتِئْذَانُ ثَلَاثٌ، فَإِنْ أُذِنَ لَكَ وَإِلَّا فَارْجِعْ
অনুমতি চাওয়া তিনবার; অনুমতি দেওয়া হলে প্রবেশ করবে, অন্যথায় ফিরে যাবে। বুখারী, হাদীস ৬২৪৫; মুসলিম, হাদীস ২১৫৩
৮. ঘর থেকে বের হওয়ার ও প্রবেশের পর দুই রাকাত সালাত
إِذَا خَرَجْتَ مِنْ بَيْتِكَ فَصَلِّ رَكْعَتَيْنِ...
তুমি যখন ঘর থেকে বের হবে দুই রাকাত সালাত আদায় করো এবং ফিরে এসেও দুই রাকাত সালাত আদায় করো। মুসনাদ আহমাদ, হাদীস ১৫৩২৪
শাইখ আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন।
৯. মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া
إذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ
তোমরা মুয়াজ্জিনকে শুনলে সে যা বলে তোমরাও তাই বলো। মুসলিম, হাদীস ২৮৪
১০. শিশুদের সালাম দেওয়া
كَانَ النَّبِيُّ ﷺ يَمُرُّ عَلَى الصِّبْيَانِ فَيُسَلِّمُ عَلَيْهِمْ
নবী ﷺ শিশুদের পাশ দিয়ে গেলে তাদের সালাম দিতেন। বুখারী, হাদীস ৬২৪৭; মুসলিম, হাদীস ২১৬৮
১১. উঁচুতে উঠলে তাকবীর, নিচে নামলে তাসবীহ
كُنَّا إِذَا صَعِدْنَا كَبَّرْنَا وَإِذَا نَزَلْنَا سَبَّحْنَا
আমরা উঁচু স্থানে উঠলে তাকবীর বলতাম এবং নিচে নামলে তাসবীহ বলতাম। বুখারী, হাদীস ২৯৯৩
১২. পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দেওয়া
وَتَقْرَأُ السَّلَامَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ
পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দাও। বুখারী, হাদীস ২৮
১৩. বসে এবং তিন শ্বাসে পানি পান করা
كَانَ يَشْرَبُ فِي ثَلَاثَةِ أَنْفَاسٍ
রাসূল ﷺ তিন শ্বাসে পানি পান করতেন। মুসলিম, হাদীস ২০২৮
১৪. সালাতে ওয়াসওয়াসা এলে বাম দিকে তিনবার হালকা ফুঁথুথু দেওয়া
فَاتْفُلْ عَنْ يَسَارِكَ ثَلَاثًا
তোমার বাম দিকে তিনবার হালকা ফুঁথুথু দাও। মুসলিম, হাদীস ২২০৩
১৫. ঘুমানোর আগে অজু করা
إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ
যখন বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো অজু করে নাও। বুখারী, হাদীস ২৪৭; মুসলিম, হাদীস ২৭১০
১৬. হাসিমুখে কথা বলা
تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ
তোমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে হাসা তোমার জন্য সদকা। তিরমিযী, হাদীস ১৯৫৭
১৭. জুতা পরে সালাত আদায়
صَلُّوا فِي نِعَالِكُمْ
তোমরা তোমাদের জুতা পরে সালাত আদায় করো (যদি তা পবিত্র থাকে)। আবূ দাউদ, হাদীস ৬৫
(চলবে...)
---লেখা আইন উদ্দিন আইনী
#হাদিস