21/09/2022
জিজ্ঞাসাঃ- মৃত মানুষের পাশে বসে কুরআন তেলাওয়াত করা বিষয়ে ইসলামের নির্দেশনা কী?
উত্তরঃ- আপনাকে উত্তর দেয়ার আগে আপনার কাছে আমার প্রশ্ন হল, মৃত মানুষের পাশে কুরআন পড়ার কোনো সুবিধা আছে কি না! বিষয়টা কি এমন যে আজীবন কুরআন শুনতে পাইনি, অনেক ব্যস্ত ছিল দুনিয়ায়, এখন মরার পর অখন্ড অবসর; তাই আমি কুরআন পড়ছি আপনার পাশে, আপনি মরে গিয়ে শুনছেন। আল্লাহ তায়ালা কি মরা মানুষের শুনার জন্য কুরআন নাযিল করেছেন? এটা আমার প্রশ্ন। আসলে জীবিত মানুষের মৃত আত্নাকে জীবন্ত করার জন্য আল্লাহ কুরআন দিয়েছেন।
আল্লাহ সুবনাহু তা'আলা বলেন-
اَوَ مَنۡ کَانَ مَیۡتًا فَاَحۡیَیۡنٰہُ وَ جَعَلۡنَا لَہٗ نُوۡرًا یَّمۡشِیۡ بِہٖ فِی النَّاسِ
"তার অন্তর মৃত ছিল, কুরআনের নুরে সে আলোকিত হবে"।
"সুরা আল আনাম ৬; আয়াত- ১২২
কাজেই মৃত মানুষের পাশে কুরআন পড়া, এটা ইসলামের মুল চেতনার পরিপন্থী। দ্বিতীয়ত মৃত মানুষের পাশে কুরআন পড়লে কোন সোয়াব বা বরকত হয়, এটা কুরআন হাদিসে বর্ণিত নেই। তৃতীয়ত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনে অগণিত মানুষ মারা গিয়েছেন, কেউ মৃত মানুষের পাশে কুরআন পড়ান নি। তবে মৃত পথযাত্রী, এখনো জীবিত আছেন, মৃত্যু বরণ করবেন এমন মানুষের কাছে সুরা ইয়াছিন পড়ার কথা একটা হাদিসে এসেছে। হাদিসটা সনদগত ভাবে দুর্বল। কিন্তু মরার পরে তার পাশে কুরআন পড়া এটা কুরআনকে এক ধরণের অবজ্ঞা করা। এটা থেকে আমাদের বিরত থাকা উচিৎ।
উত্তর দিয়েছেন: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ।