06/08/2026
বুড়িগঙ্গাসহ রাজধানী ঢাকার আশপাশের নদীগুলোর ভয়াবহ দূষণ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার এক জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দ্রুত সময়ের মধ্যে একটি সমন্বিত ও সময়বদ্ধ পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়ার পাশাপাশি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
রাজধানী ঢাকাকে ঘিরে থাকা নদীগুলোর ক্রমবর্ধমান দূষণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে "বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন" শীর্ষক এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যাসহ রাজধানী সংলগ্ন নদীগুলোর দূষণ প্রতিরোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি ও তা বাস্তবায়নের নির্দেশ দেন। বৈঠকে শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে ফেলা, দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতিকে দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
আলোচনায় বর্জ্য শোধনাগার কার্যকরভাবে চালু রাখা, খাল-ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং পরিবেশ আইনের কঠোর প্রয়োগের ওপর জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী পরিবেশ অধিদপ্তর, ওয়াসা, বিআইডব্লিউটিএ, রাজউকসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে একযোগে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি এই উদ্যোগে পরিবেশবাদী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, নদীদূষণ এখন "দুর্বিষহ পর্যায়ে" পৌঁছেছে এবং এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।
বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠন করা হবে, যা নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেবে। বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#নদীদূষণ #বুড়িগঙ্গা #ঢাকা #তারেকরহমান #পরিবেশ #বাংলাদেশ #সরকার
ডেইলি টাইমস ২৪ ডেস্ক