28/02/2026
যোগ্য নেতৃত্বের প্রশ্নে মাতারবাড়ী ইউপি নির্বাচন:
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের কাছে দাবি—
আগামী মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের দাবি তুলে ধরেছেন মাতারবাড়ীর কৃতি সন্তান ইসলামিক আলোচক আতিক রেজা কাদেরী।
তিনি বলেন, আগামী মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন কেবল একটি ভোটের আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের সামাজিক বিবেক, রাজনৈতিক প্রজ্ঞা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই মুহূর্তে দলীয় প্রভাব, বয়সের ব্যবধান বা পরিচয় নির্ভর রাজনীতির চর্চা থেকে বেরিয়ে এসে যোগ্যতা, সততা ও জনসেবার নৈতিক অঙ্গীকারের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করা ছাড়া বিকল্প নেই।
তিনি আরও বলেন, মাতারবাড়ীর মানুষ অতীতে বহুবার প্রত্যক্ষ করেছে—অনেকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে সেবকের পরিবর্তে শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ক্ষমতাকে দায়িত্ব নয়, ভোগের মাধ্যম হিসেবে ব্যবহার করার এই প্রবণতা জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত করেছে। আমরা সেই অধ্যায়ের সমাপ্তি চাই।
তার ভাষ্য অনুযায়ী, মাতারবাড়ীর মানুষ এখন এমন একজন চেয়ারম্যান প্রত্যাশা করে, যিনি ক্ষমতার উচ্চাসনে বসে জনগণ থেকে দূরে থাকবেন না, বরং মানুষের কাতারে দাঁড়িয়ে তাদের কথা শুনবেন এবং মানুষের দুঃখ-কষ্টকে নিজের দায় হিসেবে গ্রহণ করবেন।
চেয়ারম্যান পদপ্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, “যিনি মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চান, তাকে ধনী-গরীব, শিক্ষিত-অশিক্ষিত সকলের প্রতি সমান সম্মান ও মানবিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে। একই সঙ্গে গরীব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কথার উন্নয়ন নয়, বাস্তব ও টেকসই উন্নয়ন বাস্তবায়নে সক্ষমতা দেখানোই হবে মূল যোগ্যতা।”
তিনি শিক্ষিত যুবসমাজের কর্মসংস্থানের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, ইউনিয়নের উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন শিক্ষিত যুবসমাজের জন্য সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, স্কুল ও মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা হবে, এবং একই সঙ্গে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর ও কয়লাবিদ্যুৎ প্রকল্পে স্থানীয় মানুষের জন্য যে প্রায় ২৫ হাজার কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা নতুন নেতৃত্বের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এতে বিশেষ করে স্থানীয় যুবসমাজের জন্য স্থায়ী ও সম্মানজনক কর্মস্থল নিশ্চিত হবে।
এছাড়া তিনি উল্লেখ করেন, যুবসমাজকে মাদকাসক্তি থেকে রক্ষা করে একটি সভ্য, সচেতন ও নৈতিক সমাজ গঠনে কার্যকর নেতৃত্বের প্রয়োজন।
পরিশেষে আতিক রেজা কাদেরী বলেন, মাতারবাড়ীর মানুষ এমন একজন চেয়ারম্যান চান, যিনি ক্ষমতা ভোগের জন্য নয়, আমানত হিসেবে দায়িত্ব পালন করবেন এবং চেয়ারম্যানের চেয়ারকে মর্যাদার প্রতীক নয়, জনসেবার পরীক্ষাক্ষেত্র হিসেবে বিবেচনা করবেন।
একটি সুন্দর, মানবিক ও উন্নত মাতারবাড়ী গঠনের লক্ষ্যে তার স্পষ্ট বক্তব্য—যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বই আগামী মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একমাত্র গ্রহণযোগ্য পথ।