30/07/2026
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন মেয়ে
ডেক্স রিপোর্ট #দৈনিক_মঠবাড়িয়া
চলছে এইচএসসি পরীক্ষা, এদিকে বাড়িতে বাবার লাশ। এই কঠিন সময়েও জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিলেন মেয়ে। এমনই এক ঘটনা ঘটেছে নওগাঁর পত্নীতলায়।
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন আয়েশা সিদ্দিকা মৌ নামের এক পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ নেওয়া আয়েশা সিদ্দিকা মৌ পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বুধবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান বিষয়ে নজিপুর মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে অংশ নেন তিনি।
জানা যায়, আয়েশার বাবা মিজানুর রহমান গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ফুসফুসজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। তবে পরিবারের সদস্যদের পরামর্শে ভবিষ্যতের কথা বিবেচনা করে আয়েশা পরীক্ষায় অংশ নেন। তার বাবা মরহুম মিজানুর রহমান নজিপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা এবং ধামইরহাট উপজেলার গাংরা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। বুধবার সকাল ৯ টায় তার পৈতৃক বাড়ি মঙ্গলবাড়ি গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
শোকের এমন মুহূর্তেও আয়েশার পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে অনেকেই তার মানসিক দৃঢ়তা, সাহস ও শিক্ষার প্রতি দায়িত্ববোধের প্রশংসা করেছেন।
জানতে চাইলে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা বলেন, আমি বিষয়টি জানতে পেরেছি। যদিও আমাদের সকলকেই একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে। তারপরও মেয়ের পরীক্ষার সময় বাবার মৃত্যুর জন্য দু:খ প্রকাশ করছি। সেই সাথে আয়েশা সিদ্দিকা মৌ-এর সচেতনতা ও তার মনোবলের প্রতি আমি সন্মান জানাই। আমি আয়েশা সিদ্দিকা মৌ-এর সাথে দেখা করে তার সম্পর্কে আরও কিছু শুনবো ও জানবো। এবং তার পাশে থাকার চেষ্টা করবো।