03/10/2026
🔳 আমার বাবা-র অপমৃত্যুর সুষ্ঠ তদন্ত ও বিচার চাই 🔳
......ICU এর মত একটা সেনসিটিভ জায়গায় কারা অপদার্থ ডাক্তারদের নিয়োগ দেয়? এদের কি আল্লাহর ভয় নেই? ICU তে কেন ICU কনসালটেন্ট থাকবে না? COPD পেশেন্টের অক্সিজেন ম্যানেজমেন্ট কেন ঠিকমতো হলো না? ৫ ঘন্টাতেও আমার বাবা কেন একটা ব্লাড থিনার পেল না?
কেন একটা অকেজো ভেন্টিলেটর দিয়ে আমাদের ধোকা দেয়া হচ্ছিল? আমি আমার মনকে কোনভাবেই বুঝাতে পারছি না। সারা জীবন এদের অভিশাপ দিয়ে গেলেও কি আমার পাপ হবে? আমার সাথে যা হয়েছে তা যেন তাদের জীবনেও কোন না কোন ভাবে ফিরে আসে সারা জীবন আমি এই দোয়াই করে যাব...........
আমার বাবাকে গত ১৮.৯.২০২৬ তারিখ শুক্রবার সকালে আনুমানিক ৭-টার পর-পর শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঈশ্বরদী, পাবনাতে নিয়ে যাওয়া হয়। আমি আমার নাইট ডিউটিরত কলিগকে ফোনে ইনফর্ম করেছিলাম যে বাবার COPD আছে। তিনি শুধুমাত্র COPD এর ম্যানেজমেন্ট দিয়ে বাবাকে দোতালায় ইনডোরে পাঠিয়ে দেন।
বাসায় ছোট ছোট দুইটা বাচ্চাকে ম্যানেজ করে হসপিটালে পৌঁছাতে আমার সকাল ৮:৩০ বেজে যায়। আমার বাবাই আমার বাবুদের দেখাশোনা করতেন। হসপিটালে গিয়ে দেখি দোতালায় ইনডোরে গিয়ে বাবা বারান্দায় একটা বেডে গরমের মধ্যে শ্বাসকষ্টে আরো বেশি অস্থির হয়ে আছেন। আমি দৌড়ে ইমারজেন্সিতে চলে আসি আর একটা ইসিজি(ECG) এডভাইস করতে বলি মর্নিং ইমারজেন্সি ডক্টর কে।
তিনি জানতেন না যে একজন ইমারজেন্সি পেশেন্ট দোতালায় আছেন। নাইট ডক্টর তাকে ইনফর্ম করে যাননি। ইনডোর ডক্টর রাউন্ড দেয়ার কথা। আমি তাকে ফোন দিলে তিনি বলেন যে ১০-টায় রাউন্ড শুরু করবে। বাবার অবস্থা দেখে আমি কান্না করছিলাম আর ভাবছিলাম মানবিকভাবে আমার পাশে দাঁড়ানোর মত কোন কলিগ নেই। তারপর ইসিজি করা হয়। একটা ECG করাতে ৩-ঘন্টা লেগে যায় তাও আমি বলার পর। যাই হোক মর্নিং ডক্টর কে ECG দেখালে তিনি বলেন ইসিজি খারাপ মনে হচ্ছে রেফার লাগতে পারে।
আমি এরমধ্যে ওয়ার্ডবয়-কে বলে 1 Ampule Lasix দেই। বাবার Heart Failure ছিল। ইনডোর ডক্টরও ইতিমধ্যে চলে আসেন। ECG দেখে Loading Dose দেয়। আমি সিস্টার নার্সকে বলি Blood Pressure চেক করতে। কিন্তু সিস্টার আমার কথা কানেই নিচ্ছিল না! তখন আমি তাকে বলতে থাকি আমি এখানকার ডেন্টাল সার্জন! আমার বাবা এখানের-ই অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী, ঠিক আছে আপনাদের কিছুই করতে হবে না! মেশিন দেন আমি নিজেই বিপি চেক করব। এরপর আমি বিপি চেক করি। কিন্তু রেকর্ড করতে পারছিলাম না, যেটা আমি Indoor Medical Officer Doctor কে জানাই। পরবর্তীতে কেউই আর রিচেক করেনি। কিছুক্ষণের মধ্যে শ্বাসকষ্ট একদম ভালো হয়ে যায়। আব্বু সুস্থ অনুভব করেন আর বলতে থাকেন যে সে আর কোথাও যেতে চায়না, যেন বাসায় নিয়ে আসি। আমি কোথায় যাব চিন্তা করতে থাকি...........!
এরমধ্যে একজন পরিচিত CARDIOLOGIST যিনি ফ্রাইডেতে ঈশ্বরদীতে চেম্বার করেন। তার পরামর্শে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীতে যাওয়ার জন্য মনস্থির করি। আনুমানিক সকাল ১১-টার দিকে বাবাকে নিয়ে রাজশাহী রওনা হই। অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় আব্বু বিস্কুট খেলেন, পানি খেলেন, কথা বললেন, ঘুমালেন।
আনুমানিক দুপুর ১-টার সময় হার্ট ফাউন্ডেশন, রাজশাহীতে বাবাকে ভর্তি করাই। তাকে CCU তে নেয়া হয়। CCU তে তার Oxygen Saturation ভালো ছিল তিনি সুস্থ ছিলেন। ৫-১০ মিনিট পর আমাকে ডেকে নেয়া হয় এবং বলা হয় রোগীকে তারা ICU তে নিতে চায়! কারণ যেকোনো সময় তো খারাপ হতেও পারে। রোগী যেহেতু ভালো আছে আমি চাইনি তাকে ICU তে দিতে। আমাকে আবারো ডাকা হয় বলা হয় ICU ডক্টর কথা বলবে। তাদের ম্যানিপুলেশন এ আমি রাজি হই।
ICU তে বাবাকে ট্রান্সফার করা হয়। বাবার কি অবস্থা আমি জানার জন্য বারবার নক করি। সিস্টার নার্স বারবার আমাকে বাধা দেয়, বলে পেশেন্ট রেডি করে ডাকা হবে। অনেকক্ষণ পর আনুমানিক বিকেল ৬-টার দিকে আমাকে ডাকা হয়। আমি দেখলাম 15L Oxygen চলছে। SPO2 98%. Breathing Pattern কিছুটা চেঞ্জ মনে হচ্ছে। আমি বলেছি এবং বারবার অনুরোধ করেছি বাবা যেহেতু COPD পেশেন্ট সেহেতু Low Dose অক্সিজেন দিয়ে মেইনটেইন করেন। অনেক বলার পর একটা সময় ৪-৫ লিটারেও অক্সিজেন স্যাচুরেশন ৯৮% মেইনটেইন হচ্ছিল আমাকে জানানো হয়। low dose অক্সিজেন দিয়ে স্যাচুরেশন মেন্টেন করতে পারলে High Flow দিয়ে কেন বাবার রেস্পিরাটরি ড্রাইভ টাকে নষ্ট করে দেয়া হচ্ছিল?
তারপর MI এর জন্য কি কি ঔষধ দেয়া হয়েছে জানতে চাওয়ায় বলেছিল Anclog Plus, Rostab, Bislol, Metacard, Nidocard, Re**rd etc. কিন্তু সেখানে কোন Inj. Enoxaperin / Inj. Streptokinase - কেন দেওয়া হয়নি জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেনি। তৎক্ষণাৎ ডিউটি ডাক্তারকে সিনিয়রের সাথে কথা বলে Inj.Enoxaparine দেওয়ানোর ব্যবস্থা করি। এরপর আমি বাইরে চলে আসি আর Case Summary রেডি করতে বলি।
........মানে এমন একটা জায়গায় বাবাকে নিয়ে গিয়েছিলাম যেখানে সবকিছু আমাকে বলে বলে করে নিতে হচ্ছিল! এত অদক্ষতা আর অব্যবস্থাপনার মধ্যে আর থাকা সম্ভব হচ্ছিল না। আমাকে আর ঢুকতে দেয়া হয়নি। রাত আনুমানিক ১০-টার দিকে আমাকে কল করা হয়। ভিতরে গিয়ে দেখি বাবাকে Intubate করা হয়েছে, Ambu Bag চেপে কিছুটা রেস্পিরেশন মেন্টেন করা হচ্ছে। আমাকে বলা হয় পেশেন্টের Cardiac Arrest হয়েছে। DC Shock & CPR দেয়া হয়। আমি বুঝতে পারছিলামনা যে, Endotracheal Tube দেয়া দেয়া কিন্তু Ventilator Machine কেন চালু করা হচ্ছে না!
আমার কথায় তখন তারা Ventilation Support চালু করে। কিন্তু আমার মনে হচ্ছিল সেখানে কোন Airflow হচ্ছে না। আমি অনুরোধ করেছি Ventilator ঠিকমত মত কাজ করছে কিনা দেখার জন্য। চোখের সামনে দেখছিলাম বাবা মারা যাচ্ছেন.......!! ঘটনার আকস্মিকতায় আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। কিছুক্ষণ পর ডক্টর আর ওয়ার্ড বয়কে আবারো ভালোভাবে ভালোভাবে চেক করতে বলি যে, ভেন্টিলেটর ঠিকমতো চলছে কিনা আমাকে দেখান। তারা আমাকে বলে যে ১০০% আছে কিন্তু আমি বুঝেছি যে ভেন্টিলেটর চলছে না! এজন্য আমি তাদেরকে টিউব খুলে দেখাতে বলি। তারা কোনভাবেই খুলছিল না..............নাহ! আর না পেরে আমি যখন খুলতে যাই তখন ওয়ার্ড বয় টিউব খুলে বলে যে, ১০০% ফ্লো আছে। সঙ্গে সঙ্গে আমি টিউবের মুখে হাত রেখে দেখেছি সেখানে Airflow বলতে কিছুই ছিল না!
আমাকে মিথ্যা বলা হচ্ছিল!
বোকা বানানো হচ্ছিল!
ওরা হয়তো ভেবেছিল আমি সেই মুহূর্তে কিছুই বুঝতে পারবো না। এভাবে আমার বাবাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে!!
এটা হত্যা, এটা ক্রাইম!
পরে আমি পুলিশ কল করি এবং যারা সেখানে ছিলেন তাদের বলি আপনারা কেউ হাত রেখে দেখান যে সেখানে Oxygen Flow আছে কিনা। কেউ এগিয়ে আসেনি। সহকারি পরিচালক যার নাকি Cardiology তে কোন কোর্স করা আছে তাকে বললাম যে আপনি জাস্ট হাত রেখে বলেন যে Air Flow আছে কিনা। তিনি বলেছেন তিনি ভেন্টিলেটর মেশিন সম্পর্কে কোন জ্ঞান রাখেন না! তাই তিনি হাত দিতে পারবেন না! আমি পুনরায় ভেন্টিলেটর চালু করে দেখাতে বললে তারা কেউ চালু করতে পারেননি।
যদি ভেন্টিলেটর অকেজোই হয় আর অদক্ষ, অযোগ্য, অপদার্থ ডাক্তার দিয়ে ICU চালানো হয় তাহলে আমার বাবাকে ICU তে নেয়া হল কেন? যখন তারা ভেন্টিলেটর মেশিন চালু করতে পারছিল না তখন অন্য কোথাও রেফার করল না কেন? আমাকে জানানো হলো না কেন? কেন মেরে ফেলা হলো আমার বাবাকে?
আমি এর বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই।
ICU এর মত একটা সেনসিটিভ জায়গায় কারা অপদার্থ ডাক্তারদের নিয়োগ দেয়? এদের কি আল্লাহর ভয় নেই?
ICU তে কেন ICU কনসালটেন্ট থাকবে না? COPD পেশেন্টের অক্সিজেন ম্যানেজমেন্ট ঠিকমত কেন হল না? ৫ ঘন্টাতেও আমার বাবা কেন ১টা ব্লাড থিনার পেল না? আমি বলে না দিলে সেটাও পেতো না......কেন একটা অকেজো ভেন্টিলেটর দিয়ে আমাদের ধোকা দেয়া হচ্ছিল?
এতগুলোর প্রশ্নের কো উত্তর তাদের কাছে নেই! আমি আমার মনকে কোনভাবেই বুঝাতে পারছি না। সারা জীবন এদের অভিশাপ দিয়ে গেলেও কি আমার পাপ হবে?
আমার সাথে যা হয়েছে তা যেন তাদের জীবনেও কোন না কোন ভাবে ফিরে আসে সারা জীবন আমি এই বদদোয়া করে যাব!
ডা. তানিয়া আফরিন মিতুল (ডি-৪৭)
বিডিএস (ডিডিসি), ৩৯-তম বিসিএস (স্বাস্থ্য)
সহকারী ডেন্টাল সার্জন,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঈশ্বরদী, পাবনা।
✪ 03-10-2026
★ Moderated - Modified, Photo Added by Admin Panel