30/07/2026
MH Islamic International School-এর আয়োজনে বর্ণাঢ্য ফল উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে
মুন্সীগঞ্জের মানিকপুরে অবস্থিত MH Islamic International School-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব-২০২৬, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার (২৯) সকাল ১০টা ৪৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে বার্ষিক ও অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, ফল উৎসব এবং মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষা এবং ২০২৬ সালের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফল উৎসব। এতে স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে ৮টি স্টল সাজানো হয়, যেখানে দেশি-বিদেশি নানা প্রজাতির ফল প্রদর্শন করা হয়। প্রতিটি স্টল পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরাই। এছাড়া কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন ফলের আদলে সেজে উপস্থিত অতিথিদের সেই ফলের পুষ্টিগুণ, উপকারিতা ও বৈশিষ্ট্য সম্পর্কে আকর্ষণীয়ভাবে তুলে ধরেন। শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী উপস্থাপনা দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়।
এছাড়াও ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধকে তুলে ধরতে আয়োজন করা হয় ইসলামিক কালচারাল অ্যাক্টিভিটিজ। এতে শিক্ষার্থীরা ইসলামী সংগীত, হামদ-নাত এবং ইসলামি ভাবধারার সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। পরিবেশনাগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরনে ছিল শালীন ইসলামী পোশাক ও হিজাব, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন MH Islamic International School-এর অধ্যক্ষ মুনশি মাহফুজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মুহাম্মদ মোর্তজা আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান আল-আমীন। এছাড়াও অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও বাস্তবজীবনভিত্তিক জ্ঞান বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এমন ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।